সৌদিতে হামলার জন্য ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী  ফুয়াদ হোসেন
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন | ছবি: সংগৃহীত
0

সৌদি আরব বা আঞ্চলিক অন্য কোনো দেশে হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছে ইরাক। একই সঙ্গে সৌদি আরবের ভূখণ্ডে সাম্প্রতিক বিভিন্ন হামলার তীব্র নিন্দাও জানিয়েছে বাগদাদ। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে জানা যায়, বৃহস্পতিবার ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন ও সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের মধ্যে এক ফোনালাপে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ফোনালাপে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী সৌদির বিভিন্ন এলাকায় সাম্প্রতিক হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং বেসামরিক নাগরিক বা স্থাপনায় যেকোনো ধরনের হামলার বিরোধিতা করেন। তিনি আবারও আশ্বস্ত করে বলেন, সৌদি আরব বা প্রতিবেশী অন্য কোনো দেশের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে—এমন কোনো কর্মকাণ্ডের জন্য ইরাকের ভূখণ্ডকে ব্যবহার করতে দেয়া হবে না।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এ সময় আঞ্চলিক উত্তেজনা কমাতে ইরাক সরকারের বিভিন্ন উদ্যোগের প্রতি সমর্থন প্রকাশ করেন। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার ওপর জোর দেন তিনি। ফোনালাপে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়েও কথা বলেন।

এর আগে গত সপ্তাহে রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি স্পষ্ট জানান, সৌদি আরব বা আঞ্চলিক অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলার জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করার সুযোগ নেই। একই সঙ্গে তিনি সৌদির বেসামরিক স্থাপনায় হুথিদের বিভিন্ন হামলার কঠোর সমালোচনা করেন।

গত সেপ্টেম্বরে ইরাক থেকে ড্রোন হামলা চালিয়ে সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন লক্ষ্যবস্তু করা হয়। ওই হামলায় হতাহতের পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছিল। সে সময় ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জাইদি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কিছুটা সময় চেয়েছিলেন। তার অনুরোধে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত ছিল সৌদি আরব। পরবর্তীতে ইরাক সরকারের নিজস্ব তদন্তে নিশ্চিত হওয়া যায় যে হামলাগুলো দেশটির দক্ষিণাঞ্চলীয় মায়সান প্রদেশ থেকে চালানো হয়েছিল।

এদিকে গত জুলাই থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সামরিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে।

এএম