এআই প্রযুক্তির রপ্তানিতে জোর চীনের অর্থনীতিতে; প্রবৃদ্ধি পূর্বাভাসের চেয়ে বেশি

বেইজিংয়ে  চীনের পতাকা ঊড়ছে
বেইজিংয়ে চীনের পতাকা ঊড়ছে | ছবি: রয়টার্স
0

বৈশ্বিক বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট ইলেকট্রনিকস পণ্যের চাহিদা বাড়ায় পূর্বাভাসের চেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে চীনের অর্থনীতি। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে। সোমবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো এ তথ্য প্রকাশ করেছে।

এর আগে দ্বিতীয় প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৩ শতাংশ। তবে তৃতীয় প্রান্তিকের এই ফল অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে ইতিবাচক। চলতি বছরের প্রথম নয় মাসে চীনের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৬ শতাংশে। এর ফলে কোনো বাড়তি প্রণোদনা ছাড়াই সরকার নির্ধারিত বার্ষিক সাড়ে ৪ থেকে ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছে বেইজিং।

পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর মাসে দেশটির শিল্পোৎপাদন বেড়েছে ৫ দশমিক ৫ শতাংশ, যা আগস্টে ছিল ৫ দশমিক ২ শতাংশ। তবে বৈশ্বিক রপ্তানি চাঙা থাকলেও চীনের অভ্যন্তরীণ বাজারে ক্রেতাদের ব্যয় এখনো ধীরগতির। সেপ্টেম্বরে খুচরা বিক্রি বেড়েছে মাত্র ১ দশমিক ১ শতাংশ। বড় দুর্ঘটনার পর নিরাপত্তা পরীক্ষা শেষে কয়লা খনিগুলোর কার্যক্রম পুনরায় শুরু হওয়া এবং বৈশ্বিক বাজারে ইলেকট্রনিকস, এআই প্রযুক্তি ও গাড়ির জোরালো চাহিদাই মূলত উৎপাদন বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

প্যান্থিয়ন ম্যাক্রোইকোনমিকসের প্রধান চীন অর্থনীতিবিদ ডানকান রিগলি জানান, প্রথাগত খাতগুলোর তুলনায় চীনের উচ্চপ্রযুক্তি উৎপাদন খাত অনেক ভালো করছে এবং তারা ক্রমাগত উচ্চমূল্যের প্রযুক্তির দিকে অগ্রসর হচ্ছে।

তবে প্রযুক্তি পণ্যের রপ্তানি বাড়লেও দেশটির আবাসন খাতের সংকট এখনো গভীর রয়েছে। বছরের প্রথম নয় মাসে আবাসন খাতে বিনিয়োগ কমেছে ২০ দশমিক ৬ শতাংশ এবং স্থায়ী সম্পদে বিনিয়োগ কমেছে ৭ দশমিক ২ শতাংশ। এছাড়া অবকাঠামো খাতের ব্যয়ও ছিল দুর্বল।

ডাচ আর্থিক প্রতিষ্ঠান এবিএন অ্যামরোর বিশ্লেষকেরা জানিয়েছেন, বৈশ্বিক প্রযুক্তি খাতের চাহিদার ওপর ভর করে সেপ্টেম্বরে চীনের রপ্তানি এক-তৃতীয়াংশের বেশি বেড়েছে। এই শক্তিশালী রপ্তানি গতিই মূলত অভ্যন্তরীণ দুর্বল চাহিদা এবং ইরান যুদ্ধের কারণে তৈরি হওয়া বৈশ্বিক চাপের নেতিবাচক প্রভাব সামাল দিতে সহায়তা করেছে।

এএম