‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ বলেছি: শিক্ষামন্ত্রী

ড. আ ন ম এহছানুল হক মিলন
ড. আ ন ম এহছানুল হক মিলন | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রদত্ত বক্তব্যের একটি শব্দ নিয়ে তৈরি হওয়া অনাকাঙ্ক্ষিত অস্পষ্টতা নিরসনে স্পষ্টীকরণ বিবৃতি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিবৃতিতে তিনি জানান, তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণ ও অর্জনকে উৎসাহিত করা।

আজ (শুক্রবার, ৩০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত বাউবির আয়োজনে ডিগ্রি অর্জনকারী এক তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীকে স্বাগত জানাতে গিয়ে তিনি বক্তব্য দেন। সমাজে অবহেলা, বঞ্চনা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি পেরিয়ে শিক্ষাগ্রহণে তাদের এগিয়ে আসাকে উৎসাহিত করাই ছিল তার বক্তব্যের মূল প্রতিপাদ্য।

শব্দচয়নজনিত ভুলের ব্যাখ্যা দিয়ে আ ন ম এহছানুল হক মিলন জানান, বক্তব্য দেয়ার সময় ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহৃত হয়েছে। সেখানে তার অভিপ্রেত প্রকৃত শব্দ ছিল ‘তৃতীয় লিঙ্গ’।

দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক অনুভূতির প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সেদিনের বক্তব্যের একমাত্র উদ্দেশ্য ছিল সমাজে পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ এবং তাদের অর্জিত সাফল্যকে স্বীকৃতি দেয়া

এএম