নিঝনি নভগোরোদের গভর্নর গ্লেব নিকিতিন টেলিগ্রামে জানান, কস্তোভস্কি জেলার একটি শিল্প সুবিধায় ইউক্রেনীয় চালিত ড্রোনের হামলায় তাৎপর্যপূর্ণ ক্ষতি হয়েছে। তিনি জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১০০টিরও বেশি ড্রোন ধ্বংস করেছে। ঘটনায় প্রাথমিক তথ্য অনুযায়ী কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ক্ষয়ক্ষতির কারণে আবাসিক এলাকাগুলোতে সাময়িকভাবে বিদ্যুৎ, গরম পানি এবং হিটিং সরবরাহ ব্যাহত হতে পারে বলে তিনি সতর্ক করেন।
যুদ্ধ পর্যবেক্ষণকারী টেলিগ্রাম চ্যানেলগুলোর তথ্যমতে, ইউক্রেনীয় ড্রোনের মূল লক্ষ্য ছিল কস্তোভো তেল শোধনাগার, যা লুকওয়েল-নিঝেগোরোদনেফতেঅর্গসিনতেজ শোধনাগার নামেও পরিচিত। এটিকে রাশিয়ার অন্যতম বৃহৎ জ্বালানি উৎপাদন কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়, যেখানে মূলত ডিজেল ও বিমান বাহিনীর জন্য তৈরি জ্বালানি উৎপাদিত হয়। এর আগে চলতি সপ্তাহের শুরুতে রাশিয়ার সামারা অঞ্চলের আরেকটি তেল শোধনাগারে ইউক্রেনীয় ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
রাশিয়ার ক্রেমলিন যুদ্ধযন্ত্রের অর্থনৈতিক ভিত দুর্বল করার উদ্দেশ্যে চলতি বছর ধরে দেশটির বিভিন্ন তেল শোধনাগার, টার্মিনাল ও ডিপোতে হামলা বাড়িয়েছে কিয়েভ। এর আগে শুক্রবার রাতে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া হামলা চালায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাজধানী কিয়েভ এবং দিনিপ্রো অঞ্চলের কম্বাইন্ড হিট অ্যান্ড পাওয়ার প্ল্যান্ট ও বিদ্যুৎ উপকেন্দ্রে রুশ হামলায় প্রায় ২ লাখ ৮০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছিল।





