‘নিষিদ্ধের সংস্কৃতি’ বন্ধ ও ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি জানিয়ে বিজেপিকে দেবের অভিনন্দন

দীপক অধিকারী (দেব)
দীপক অধিকারী (দেব) | ছবি: সংগৃহীত
0

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ের পর নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন টলিউড সুপারস্টার ও তৃণমূল কনগ্রেসের ঘাটালের বিদায়ী সংসদ সদস্য দীপক অধিকারী (দেব)। আজ (বুধবার, ৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া বার্তায় তিনি নতুন সরকারের প্রতি রাজ্যের উন্নয়ন ও শান্তি বজায় রাখার পাশাপাশি চলচ্চিত্র শিল্পের অভ্যন্তরে বিরাজমান ‘নিষিদ্ধকরণ’ (ব্যান) বা বয়কট সংস্কৃতি বন্ধের আহ্বান জানান।

বিজেপিকে অভিনন্দন জানিয়ে দেব লেখেন, বাংলায় নতুন সরকার গঠনের জনাদেশ পাওয়ার জন্য বিজেপিকে অভিনন্দন। আমি আন্তরিকভাবে আশা করি যে, এ সরকার আমাদের রাজ্যের উন্নতি, শান্তি এবং বিকাশের লক্ষ্যে কাজ করবে এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর যাতে শোনা যায় তা নিশ্চিত করবে।

জনজীবন ও চলচ্চিত্র—উভয় মাধ্যমের সঙ্গে যুক্ত থাকার সুবাদে দেব নতুন সরকারের কাছে শৈল্পিক স্বাধীনতা সমুন্নত রাখার অনুরোধ জানান। তিনি বলেন, ‘বাংলা চলচ্চিত্র শিল্পের অভ্যন্তরে যে নিষিদ্ধকরণ এবং বিভাজনের সংস্কৃতি রয়েছে, তা যেন অতীত হয়ে যায়। চলচ্চিত্র বাংলার অন্যতম শ্রেষ্ঠ পরিচয়। পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মাধ্যমেই এর বিকাশ সম্ভব।’

দেবের পোস্ট |ছবি: সংগৃহীত

অভিনন্দনের পাশাপাশি নিজের নির্বাচনি এলাকা ঘাটালের মানুষের দীর্ঘদিনের দাবি ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ বাস্তবায়নে নতুন সরকারের সহযোগিতা চেয়েছেন এই অভিনেতা।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘ঘাটালবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রয়োজনীয়তা—ঘাটাল মাস্টার প্ল্যান সম্পন্ন করার ক্ষেত্রে আমি নতুন সরকারের সমর্থন প্রত্যাশা করছি। কারণ রাজনীতির ঊর্ধ্বে উঠে এটি মানুষের জীবন ও জীবিকা সুরক্ষিত করার লড়াই।’

এনএইচ