জলবায়ু পরিবর্তনে সংকটে ভেলেন্স হ্রদের ভবিষ্যৎ

ভেলেন্স হ্রদ
ভেলেন্স হ্রদ | ছবি: সংগৃহীত
0

আশঙ্কাজনক হারে কমছে হাঙ্গেরির জনপ্রিয় ভেলেন্স হ্রদের পানিস্তর। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি কয়েক দশকের পানি অব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। হুমকি মুখোমুখী দেশটির জনপ্রিয় অবকাশ যাপনের স্থানের বাস্তুতন্ত্র ও পর্যটন শিল্প। আগামী ৩০-৪০ দিনের মধ্যে পানির স্তর অন্তত ২৫-৩০ সেন্টিমিটার কমার পূর্বাভাস দিয়েছে অ্যাসোসিয়েশন অব গ্রেট লেকস।

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে সৃষ্ট খরা কতটা ভয়াবহ হতে পারে তার জলজ্যান্ত উদাহরণ হাঙ্গেরির জনপ্রিয় হ্রদ ভেলেন্স। আশঙ্কাজনক হারে কমছে পানির স্তর। এতে মরুভূমি রূপ নিয়েছে দেশটির দৃষ্টিনন্দন জলাশয়ের বেশিরভাগ অংশ।

রাজাধানী বুদাপেস্টের মাত্র ৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই জলাশয়টি জনপ্রিয় অবকাশ যাপনের স্থান হিসেবে পরিচিত। চলতি গ্রীষ্মে আরও রেকর্ড হারে পানি কমার শঙ্কা বাড়ছে। এ অবস্থায় চরম হুমকি মুখোমুখী দেশটির তৃতীয় বৃহত্তম এই জলাশয়টির বাস্তুতন্ত্র ও পর্যটন শিল্প।

এরমধ্যেই সেখানকার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। এভাবে পানি শুকাতে থাকলে জনপ্রিয় অবকাশ যাপন স্থানটিতে ভবিষ্যতে সাঁতার কাটা ও নৌকা চালানো অসম্ভব হয়ে উঠবে বলেও মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

নৌকাচালকদের মধ্যে একজন বলেন, ‘হ্রদে যখন পর্যাপ্ত পানি ছিল, তখন মানুষ অনেক স্বাচ্ছন্দ্যে ছিলো। এখনই পানির স্তর কমে যাওয়ায় ছোট-বড় কোনো নৌকাই আর চালানো যাচ্ছে না। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’

অন্য একজন বলেন, ‘এখানে দেখার মতো আর কিছুই অবশিষ্ট নেই। আমার মনে হয়, হয়তো দুই-তিন সপ্তাহ পরেই এখানকার সব দোকানপাট বন্ধ করে দিতে হবে।’

এমন পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তন ছাড়াও কয়েক দশকের পানি অব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

অ্যাসোসিয়েশন অব গ্রেট লেকসের পরিবেশ বিশেষজ্ঞ টিবোর হোরানি বলেন, ‘জলবায়ু ছাড়াও দুর্বল পানি ব্যবস্থাপনার ফলাফল এটি। খরা ছাড়াও কৃষি কাজের জন্য পানি অন্যত্র সরিয়ে নেয়ায় পানির স্তর অস্বাভাবিকহারে কমছে। ২০২১ সাল থেকে প্রতি বছরই আমরা ঐতিহাসিক সর্বনিম্ন মাত্রার খরা দেখেছি। জলবায়ু পরিবর্তনের এই ক্ষতিকর প্রভাবটি একটি জটিল সমস্যা।’

পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে হাঙ্গেরির জনপ্রিয় এই জলাশয়টির পানি স্তর প্রতিদিন আধা সেন্টিমিটার করে কমতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। চলতি গ্রীষ্মের শেষে যা ৩০ সেন্টিমিটার পর্যন্ত কমতে পারে। অ্যাসোসিয়েশন অব গ্রেট লেকস-এর পূর্বাভাস তথ্য বলেন, আগামী ৩০-৪০ দিনের মধ্যে পানির স্তর কমবে অন্তত ২৫-৩০ সেন্টিমিটার।

এসএস