ভেনেজুয়েলায় ভূমিকম্প: ধ্বংসস্তূপে ১৮ দিন বয়সী সন্তানকে নিয়ে বেঁচে ফেরার লড়াই

ধ্বংসস্তূপ থেকে ১৮ দিন বয়সী সদ্যজাত এক শিশু
ধ্বংসস্তূপ থেকে ১৮ দিন বয়সী সদ্যজাত এক শিশু | ছবি: সংগৃহীত
0

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের ভেতরে মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে ফেরা এক মা ও তার ১৮ দিন বয়সী সদ্যজাত শিশু সম্প্রতি শিরোনাম হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বিবিসির কাছে ধ্বংসস্তূপের মধ্যে টিকে থাকার দুঃসহ স্মৃতি বর্ণনা করেছেন মা ডায়ানা পাটিনো। আর স্ত্রী ও সন্তানের বেঁচে ফেরাকে পুনর্জন্ম বলছেন বাবা গার্সন।

ধ্বংসের নগরীতে, বেঁচে ফেরার গল্পগাঁথা। গত বৃহস্পতিবার মৃত্যুর মিছিলের মধ্যেই ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে ১৮ দিন বয়সী সদ্যজাত এক শিশু ও তার মাকে জীবিত উদ্ধার করে রেসকিউ টিমের সদস্যরা।

অলৌকিক ঘটনার এখানেই শেষ নয়। কয়েকদিন ধ্বংসস্তূপে মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করলেও, সৌভাগ্যবশত বেঁচে ফেরেন মা ডায়ানা ও তার শিশু সন্তান জুয়ান। মা ছেলে বর্তমানে ভর্তি আছেন কারাকাসের একটি হাসপাতালে।

সেখানে বিবিসির সঙ্গে ধ্বংসস্তূপে টিকে থাকার রুদ্ধশ্বাস বর্ণনা দেন ডায়ানা। জানান, সন্তানকে জীবিত রাখার তাগিদেই বেঁচে ছিলেন তিনি।

মা ডায়ানা পাটিনো বলেন, যতক্ষণ জুয়ান বেঁচে ছিলো, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছি। জুয়ান বেঁচে আছে কিনা তা জানার জন্য বারবার নাকে হাত দিয়ে শ্বাস-প্রশ্বাস পরীক্ষা করছিলাম।’

ভূমিকম্পের সময় ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল লা-গুয়াইরার একটি বহুতল অ্যাপার্টমেন্টে ঘরের কাজ করছিলেন ডায়ানা। হঠাৎ ভূমিকম্প টের পেয়ে সন্তানকে কোলে নেন তিনি। মুহূর্তেই বিল্ডিং ভেঙে নিচে তলিয়ে যান তিনি। মনে হলো শূন্যে ভাসছি। এরপর একটা গর্তে গিয়ে পড়লাম। এতকিছুর মধ্যেও সন্তানকে কীভাবে যেন ধরে রেখেছিলাম।

এদিকে, স্ত্রী ও সন্তানের ফিরে আসাকে পুনর্জন্ম বলে উল্লেখ করেছেন বাবা গার্সন।

বাবা গার্সন বলেন, ‘ধরেই নিয়েছিলাম ওরা বেঁচে নেই। যখন আমার ছেলেকে দেখলাম মনে হলো যেন ওর পুনর্জন্ম হয়েছে।’

তবে পরিবারকে ফিরে গেলেও ভূমিকম্পের আঘাতে ঘরবাড়ি হারিয়ে বিপর্যস্ত গার্সনের জীবন। তবুও বিধ্বস্ত নগরীতে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ডায়ানা-গার্সন দম্পতির।

জেআর