দুদকের মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি ৯ এপ্রিল

মাসুদ উদ্দিন চৌধুরী
মাসুদ উদ্দিন চৌধুরী | ছবি: সংগৃহীত
1

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

আজ (বুধবার, ২৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মঈনউদ্দীন চৌধুরী আসামির উপস্থিতিতে শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেন। এদিন দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ আদালতে এ আবেদন করেন।

দুদকের আরেক সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়, মাসুদ উদ্দিন চৌধুরী ও অন্যরা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে অতিরিক্ত অর্থ আদায় করেন। সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার বেশি নিয়ে এজেন্ট হিসেবে নিয়োগ পান এবং বিভিন্ন ধাপে শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ গ্রহণ করেন।

অভিযোগে আরও বলা হয়, ৭ হাজার ১২৪ জন কর্মীর কাছ থেকে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য খাতে অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে মোট ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।

আরও পড়ুন:

এ ঘটনায় গত ১১ মার্চ দণ্ডবিধির বিভিন্ন ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২–এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭–এর ৫(২) ধারায় মামলা করা হয়। আবেদনে উল্লেখ করা হয়, আসামি জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন।

এর আগে, সোমবার রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পল্টন থানার মানবপাচার মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, সিন্ডিকেটের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে গত বছরের ৩ সেপ্টেম্বর পল্টন থানায় আরেকটি মামলা করেন আফিয়া ওভারসিজের স্বত্বাধিকারী আলতাব খান। ওই মামলায় ২৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এফএস