জ্বালানিমন্ত্রীকে ‘নাস্তিক’ বলায় আমির হামজার বিরুদ্ধে মামলা, সমন জারি

মুফতি আমির হামজা
মুফতি আমির হামজা | ছবি: সংগৃহীত
0

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলায় সিরাজগঞ্জে সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তাকে হাজির হতে সমন জারি করেছেন।

আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের চৌহালী উপজেলা আমলি আদালতে বাদি হয়ে মামলাটি দায়ের করেন জেলা জাতীয়তাবাদি আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ন কবির কর্নেল।

আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন ভূইয়া মামলাটি আমলে নিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

আরও পড়ুন:

বাদিপক্ষের আইনজীবী ও সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাকিল শরিফুল হায়দার রফিক সরকার বলেন, ‘বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। তিনি নিজে বহু মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করার পাশাপাশি ধর্মীয় বিধান মেনে চলেন। কিন্তু মুফতি আমির হামজা অযাচিতভাবে একটি বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলেছেন, এটি ধর্ম ও আইন বিরুদ্ধ।’

ফলে আজ সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের চৌহালী উপজেলা আমলি আদালতে দণ্ডবিধি ২৯৬/৫০০/৫০৪ ধারায় মানহানির মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে, গত সোমবার (৩০ মার্চ) এ ঘটনায় সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার একটি মানহানি মামলা দায়ের করা হয়।

এসএইচ