সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা ডন গ্রেপ্তার

আদালতে নেয়া হচ্ছে অভিনেতা ডনকে
আদালতে নেয়া হচ্ছে অভিনেতা ডনকে | ছবি: সংগৃহীত
0

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হককে গ্রেপ্তার করা হয়েছে। আজ (রোববার, ৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, ‘ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। পরে তাকে এসে নিয়ে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। সিআইডি একটি মামলা তদন্ত করছে। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন বলেন, ‘চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় ডনকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’

সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালত হত্যা মামলার নির্দেশ দেন। পরে মামলা দায়ের করা হয়।

ইএ