৪০৪ শিক্ষকের বিরুদ্ধে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কেন বেআইনি নয়: হাইকোর্টের রুল

হাইকোর্ট
হাইকোর্ট | ছবি: সংগৃহীত
0

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন আওয়ামী সমর্থক শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি গঠন কেনো অবৈধ ও বেআইনি নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) বিচারপতি ভিষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন।

একইসঙ্গে শিক্ষকদের বিরুদ্ধে বরখাস্তসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ কেনো বন্ধ করা হবে না, তাও জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হাইকোর্টের আদেশে বলা হয়েছে। বিষয়টি হাইকোর্টে শুনানি করেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস।

আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস বলেন, ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে একটি অনলাইন পত্রিকার সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের পদক্ষেপ নিতে পারে না। যা আইনসম্মত নয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যেকোনো বিষয়ে মতামত প্রকাশের স্বাধীনতা সংবিধান ও আইন দ্বারা সুরক্ষিত। আওয়ামী সমর্থিত ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনেছে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি।

ইএ