কারওয়ান বাজার। এখানে ২৪ ঘণ্টাই দেখা মেলা ক্রেতা বিক্রেতার সমাগম। রাতে চলে পাইকারি কেনে বেচা। আর দিনে হলে খুচরা সদায় সহজলভ্যে কেনার জন্যে মানুষ বেছে নেয় এই বাজারকে। মোদ্দাকথা নগরীর সবচেয়ে বেশি মানুষ তাদের নিত্যপণ্যের চাহিদা মেটাতে এখানটাতে আসে।
স্বাভাবিক ভাবেই এসব পণ্য সরবরাহ করতে প্রতি রাতে এই বাজারে আসে কয়েকশো ট্রাক। সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ায়, বৃদ্ধি পেয়েছে এসব ট্রাকের ট্রিপ খরচেও। দূর পাল্লার প্রতি ট্রাকেই নেয়া হচ্ছে ৫ থেকে ১০ হাজার টাকা বেশি। এমনকি ক্ষেত্রবিশেষ এই ভাড়া ছাড়িয়েছে প্রায় দ্বিগুণ। এমনটাই দাবি করছেন আড়ৎদাররা। এ ক্ষেত্রে ট্রাক চালকদের ছিলো মিশ্র প্রতিক্রিয়া।
ট্রাক চালকরা জানান, আগে যে গাড়ি ভাড়া ছিলো ১৭ থেকে ১৮ হাজার এখন সে গাড়ি ভাড়া দ্বিগুণ হয়ে গেছে।
আরও পড়ুন:
মূলত কাঁচা বাজারের পণ্যে দাম বৃদ্ধি কিংবা কমা বেশিরভাগ ক্ষেত্রে নির্ভর করে ফলন ও আমদানির ওপর। তবে সরবরাহ খরচ বেড়ে যাওয়ায় এর প্রভাব পণ্যের দামেও পড়ছে বলে জানালেন বিক্রেতারা। যেমন আলু পটল টমেটো ও কাঁচামরিচ মোকাম থেকে পাইকারি আনতে কেজি প্রতি ১ থেকে ৫ টাকা বেশি দামে কিনতে হচ্ছে। ফলে এর প্রভাব পড়ছে খুচরা বাজারেও।
বিক্রেতাদের একজন বলেন, ‘আগে আমরা যে দামে কিনতাম তার থেকে বেশি দাম দিয়ে এখন কিনতে হচ্ছে। এখন গাড়ি ভাড়া বেশি, তেলের দাম বেশি। তাই আমাদের এখন বাড়তি টাকায় বেঁচতে হচ্ছে।’
এদিকে, জ্বালানি তেলের দাম বাড়লেও পুরাপুরি কাটেনি সঙ্কট। ফলে এসব দূর পাল্লার ট্রাকে কমেছে ট্রিপের সংখ্যা। এমনকি ট্রাক না পাওয়ার কারণের মোকামে পণ্যে আটকে থেকে পণ্য নষ্ট হয়ে যাওয়ারও অভিযোগ মিলছে।
ব্যবসায়ীদের একজন বলেন, ‘কাল আমার গাড়ি পঞ্চগড় আটকে গেছে। আসতে পারেনি। ফলে আমার পণ্য নষ্ট হয়ে গেছে।’
দূর পাল্লা ছাড়াও রাজধানীর আশপাশ অর্থাৎ সাভার নবাবগঞ্জ থেকে আসা পণ্যবাহী পিকআপ ও ছোট ট্রাকের ভাড়াও আগের তুলনায় ৫০০ থেকে ১ হাজার টাকা বেড়েছে।




