Recent event

ফারিয়ার বিরুদ্ধে মামলা ছিল বলেই গ্রেপ্তার হয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী | ছবি: সংগৃহীত
0

চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নামে মামলা ছিল বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (সোমবার, ১৯ মে) সকালে সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নুসরাত ফারিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলেই গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হলে সুবিচার পাবেন। মামলা থাকার পরও তাকে এয়ারপোর্টে আটক না করলে, সাংবাদিকরাই বলতেন কেন ছাড়া হলো।’

যারা জুলাই গণহত্যায় প্রকৃত অপরাধী তারাই যাতে গ্রেপ্তার হয়, কেউ যেন ভোগান্তির শিকার না হয়- এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

ঈদুল আজহায় কোরবানির গরুর গাড়ি কোনো রাস্তায় নামাতে পারবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সরাসরি হাটের মধ্যে নামাতে হবে। প্রতিটি হাটে ৭৫ জন করে আনসার বাহিনীর সদস্য থাকবেন। কোন হাটে গরু যাবে, তা গাড়িতে ব্যানারে লিখে রাখতে হবে। আগামী বছর থেকে হাটে হাসিল ১০০ টাকায় ৪ টাকা করার প্রস্তাব করা হয়েছে। ঈদের আগে ও পরের তিন দিন বাল্ক (বৃহৎ আকারের পণ্য বা মালপত্র বহনের যান) চলাচল বন্ধ থাকবে। এমনকি রাতেও বাল্ক চলাচল বন্ধ থাকবে।’

চলতি মাসের মধ্যে সব গার্মেন্টসের শ্রমিকদের বোনাস দিতে হবে জানিয়ে তিনি বলেন, ‘১ থেকে ৩ জুন পর্যন্ত বেতন পরিশোধ করতে হবে সব মালিকদের।

ব্রিফিংয়ে অযৌক্তিক দাবি কেউ যেন রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি না করার জন্য সবাইকে আহ্বান জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

এনএইচ