আলোচনায় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন; প্রথম অধিবেশনেই সিদ্ধান্ত

জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন | ছবি: এখন টিভি
0

নির্বাচনে জয়লাভ, সংসদ সদস্যদের শপথ এবং মন্ত্রীসভা গঠনের পর এখন আলোচনায় সংসদের গুরুত্বপূর্ণ দুই পদ স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। এদিকে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করার বিষয়ে অনেক আলোচনা হলেও সরকারের কাছ থেকে এখনও আনুষ্ঠানিক কোন প্রস্তাব পায়নি বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। জুলাই সনদ অনুযায়ী সংসদের উচ্চ ও নিম্নকক্ষে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা রয়েছে। তবে প্রথম অধিবেশনের আগেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে নিশ্চিত করা হয়েছে বিরোধী দলের পক্ষ থেকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। দায়িত্ব নিয়েছে নতুন মন্ত্রীসভাও। এরপর স্বভাবতই কৌতূহল জাগে, কে হচ্ছেন জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার?

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে, সাক্ষাতে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করেন।

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনে সরকারের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর কাছে নাম চাওয়া হয়েছে। এ ব্যাপারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আনুষ্ঠানিকভাবে এখনো এ ধরনের কোন প্রস্তাব তারা পাননি।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আমরা যতটুকু জেনেছি সেটা তাদের স্বরাষ্ট্রমন্ত্রী মিডিয়াতে বলেছেন। আমাদের কাছে কোনো লিখিত তারা দেননি। এজন্য বিষয়টা আসলে স্পষ্ট হচ্ছে না এটা আসলে কোন ক্ষেত্রে বা কোন এঙ্গেল থেকে ডেপুটি স্পিকার।’

জামায়াত আরও জানান, জুলাই সনদ অনুযায়ী সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা রয়েছে। তবে প্রথম অধিবেশনের আগেই জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।

আরও পড়ুন:

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘যদি জুলাই সনদের আলোকে ডেপুটি স্পিকারের যে প্রবেশনটা হয়েছে নিম্নকক্ষ ও উচ্চকক্ষে এ দুইজনই বিরোধীদল পাবে। এটা অফার দেয়ার তো বিষয় না। এখনো তো ফরমালি জানান নি। ফরমালি জানালে তখন হয়তো আলোচনা করে ঠিক করবেন কি করবেন। অথবা সংসদ অধিবেশনের কোনো এক ফাঁকে বিরোধী দল বসবেন। বসে এটা চূড়ান্ত করবেন।’

বিএনপির এই আহ্বানকে রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক ধারার অনুশীলন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। বলেন, এতে করে সংসদ আরও প্রাণবন্ত হবে।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কাজী মাহবুবুর রহমান বলেন, ‘তারা মনে করছে যে বিরোধী দল থেকেই ডেপুটি স্পিকার নেয়ার প্রয়োজনীয়তা আছে এবং তারা সেটা চায় এবং তারা সে অফারটা বিরোধীদল করে থাকে এটা খুবই ভালো উদ্যোগ। এটা বাংলাদেশের সংস্কৃতিতে একটা নতুন ধারা। যারা বিরোধী দলে আছে তাদের যেহেতু ইনফরমালি বলা হয়েছে তারাও ইনফরমালি প্রকাশ করতে পারে তাদের আগ্রহটা যে তারা কি চায়। তাহলে কি হবে- আমরা একটা ইনফরমাল পলিটিক্সে যাচ্ছি। কালচারটা ডেভেলপ করছি।’

প্রথা অনুযায়ী সরকারি দল থেকেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। তবে ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেয়া হলে, এটি হবে দেশের ইতিহাসে প্রথম।

ইএ