৫৫ শতাংশ মানুষ অনলাইন ক্লাস চাচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন | ছবি: এখন টিভি
0

৫৫ শতাংশ মানুষ অনলাইন ক্লাস চাচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, এ সময়ে আমাদের জ্বালানি সংকট, বৈশ্বিক সংকটের কারণে আমরা এখন ভাবছি ব্লেন্ডিং করা যায় কি না, অন অ্যান্ড অফ। অনলাইনে ক্লাসে যাওয়ার ব্যাপারে আমরা আলোচনা করেছি এবং সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে আমরা এরই মধ্যে কাজ শুরু করেছি। তবে সম্পূর্ণ অনলাইনে চলে গেলে আমরা অসামাজিক হয়ে যাবো, সেটাও আমরা ভাবছি। কারণ এটা শিক্ষা।

আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শিক্ষা ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এটার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। আমরা অনলাইন এডুকেশনকে প্রোমোশন করার ব্যাপারে আলোচনা করছি। যেহেতু এটা শুধু বাংলাদেশের নয়, বিশ্ব সংকট এবং আমরা জানি না যে, কতদিন যাবৎ এ সংকট চলবে; সেজন্য আমরা আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইন এবং অফলাইন মিলিয়েই নেয়ার ব্যাপারে ভাবছি।’

আরও পড়ুন:

তাহলে সিস্টেমটা কী হতে পারে বা কবে থেকে শুরু হতে পারে—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সভায় এটা প্রস্তাব করবো আমাদের মন্ত্রণালয় থেকে। তারপরে ক্যাবিনেটে আলোচনা হবে, তারপরে এটার ব্যাপারে সিদ্ধান্ত আসবে। তবে আমরা চিন্তা করছি এটাকে অ্যাড্রেস করার।’

এছাড়া ছয় দিনের মধ্যে কয়দিন অনলাইনে চিন্তা করছেন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সেটা আমরা ব্লেন্ডেড করতে চাচ্ছি। আমরা আমাদের মন্ত্রণালয় প্রস্তাব দেবো, তবে ক্যাবিনেট মিটিং যেটা গ্রহণ করে, সেটাই হবে।’

এসএইচ