বিভাজনের রাজনীতি সমাজকে ক্ষতিগ্রস্ত করছে; ভালোবাসা-ভ্রাতৃত্ব বাড়াতে হবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: এখন টিভি
0

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল সমাজে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে, যা দেশের সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর। আজ (রোববার, ৫ এপ্রিল) খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত ইন্টার চার্চ ফেলোশিপ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘এ ধরনের বিভাজন সমাজে হিংসা ও বিদ্বেষের জন্ম দেয়, যা কোনোভাবেই কাম্য নয়।’ তিনি এমন প্রবণতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেয়ার আহ্বান জানান।

মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘সমাজে সম্প্রীতি বজায় রাখতে বিভাজনমূলক রাজনীতি পরিহার করা জরুরি।’

আরও পড়ুন:

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের সমাজ সব ধর্মকে ধারণ করে। একদিকে ইসলাম, অন্যদিকে সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্মাবলম্বীরাও এখানে আছেন। আর বৌদ্ধ ধর্মও একসময় সমগ্র বাংলাদেশজুড়ে বিস্তৃত ছিল। সুতরাং, ধর্মকে বিভাজনের কোনো সুযোগ নেই।’

এসময় তিনি আরও বলেন, ‘আপনাদের সবার সমর্থনে আমরা সরকার গঠন করতে পেরেছি। এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের সামনে এখন অনেক কাজ বাকি রয়েছে।’

ইএ