সংসদে দাঁড়িয়ে যেসব কারণে রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম

জাতীয় সংসদে মীর শাহে আলম
জাতীয় সংসদে মীর শাহে আলম | ছবি: এখন টিভি
1

জাতীয় সংসদে নিজের বক্তব্যের সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ধন্যবাদ দিয়েছেন বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় দাঁড়িয়ে তিনি এ ধন্যবাদ দেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও আওয়ামী লীগকে স্বৈরাচার বলায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ এই কারণে দিতে চাই—বারবার দিতে চাই, কারণ তাকে নির্বাচিত করেছে আওয়ামী লীগ। শোনেন বিরোধীদলের বন্ধুরা। এই মহামান্য রাষ্ট্রপতির মুখ দিয়ে, তার বক্তব্যে এই সংসদে আমরা বলিয়েছি, মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।’

মীর শাহে আলম বলেন, ‘এই রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে আমরা বলেছি গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই মহামান্য রাষ্ট্রপতি আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত; উনি বক্তব্যে বলেছেন— আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগ ভোটচোর। এই কথাগুলো মহামান্য রাষ্ট্রপতি এই সংসদে যখন বলেছেন, এই কৃতিত্ব বিএনপির এবং সংসদ নেতা তারেক রহমানের।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি এই সংসদে দাঁড়িয়ে বিএনপির কৃত যেসব কর্মসূচি উপস্থাপন করেছে—যেমন ফ্যামিলি কার্ড। এরইমধ্যেই ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী উদ্বোধন করে সারা বাংলাদেশের গৃহকর্ত্রী এবং নারীদের মধ্যে আলোচনায় চলে আসছে।’

কৃষক কার্ড সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে বলে উল্লেখ করে তিনি।

আরও পড়ুন:

প্রতিমন্ত্রী বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি এই সংসদে দাঁড়িয়ে কৃষক কার্ডের ব্যাপারে উপস্থাপন করেছে। এই কৃষক কার্ড এরইমধ্যেই সারা বাংলাদেশের কৃষকদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে। কৃষক কার্ড প্রধানমন্ত্রী আগামী ১৪ তারিখ, পহেলা বৈশাখ টাঙ্গাইল সদর থেকে আনুষ্ঠানিকভাবে কৃষকের হাতে তুলে দিয়ে উদ্বোধন করবেন।’

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি তার ভাষণে ইমাম, মোয়াজ্জিন, খতিবদের এবং মন্দিরের যারা সেবায়েত, তাদের ব্যাপারেও বক্তৃতায় বলেছেন। এরইমধ্যে প্রধানমন্ত্রী সেটিও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। রাষ্ট্রপতি এখানে দাঁড়িয়ে খেলাধুলার ব্যাপারে বলেছেন এবং খেলোয়াড়দেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং তাদেরকে বেতনের আওতায় আনার ব্যাপারে যে সিদ্ধান্ত ঘোষণা দিয়েছিলেন, সেটিও বাস্তবায়ন হয়েছে।’

পুরো বক্তব্য ভিডিওতে— 'আ.লীগ দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতিই তাদেরকে বলেছে ফ্যাসিস্ট, স্বৈরাচার'

এসএস