একমাত্র সন্তানকে হারিয়ে এভাবেই আহাজারি করছিলেন হত্যাকাণ্ডের শিকার ফয়সাল মোল্লার মা। দাবি জানালেন জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির। ফয়সাল মোল্লার মা বলেন, ‘বাবারে কত কষ্ট দিয়া মারছে ওরা। আমার কলিজার টুকরাটারে শেষ করে দিছে ওরা।’
ঢাকা জেলার আশুলিয়ার বাসিন্দা ফয়সাল মোল্লা, ঘটনার দিন তার আপন খালাতো ভাই বিপ্লব হাসান বিপুর দুই কর্মচারীর কাছ থেকে মোবাইল নিয়ে চলে যান। পরবর্তীতে মোবাইল ফোন ফেরত দিতে আসলে বিপু ও তার ভাই মাসুদ এলোপাতাড়ি আঘাত করতে শুরু করেন। একপর্যায়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ফয়সাল মোল্লা।
আরও পড়ুন:
গত বুধবার (১৫ এপ্রিল) হত্যাকাণ্ডের পরপরই ফয়সালের বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। পরবর্তীতে পিবিআইয়ের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।
সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, পূর্বশত্রুতা ও মোবাইল ফোন ছিনতাইয়ের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে। আসামি বিপু কৌশলে ফয়সালকে ডেকে নিয়ে বড় ভাই মাসুদের সহায়তায় রড ও দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর আসামিরা পালিয়ে গেলে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয় বিপুকে। এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ঢাকা জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এন এম মোর্শেদ বলেন, ‘মোবাইল নিয়ে তাদের মধ্যে ঝামেলা হলে এক পর্যায়ে মোবাইল দিয়ে দেয়। এরপর বিপুর বড় ভাই মাসুদ অটোরিকশা নিয়ে এসে রড দিয়ে ফয়সাল মোল্লাকে মারতে থাকে। সে সময় বিপু ফয়সাল মোল্লার হাত থাকা রামদাটি নিয়ে উল্টো ফয়সাল মোল্লাকে কোপাতে থাকেন। অনেকগুলো কোপের কারণে ফয়সাল মোল্লা ঘটনাস্থলেই মারা যায়।’
মামলার আরেক আসামি মাসুদসহ অন্যান্যদের ধরতে পিবিআই অভিযান অব্যাহত রেখেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।




