সুপ্রিম কোর্ট তার স্বকীয়তা বজায় রাখতে ব্যর্থ হয়েছে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান | ছবি: এখন টিভি
0

স্বাধীন বিচার ব্যবস্থা থাকলেও সুপ্রিম কোর্ট তার স্বকীয়তা বজায় রাখতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘পর্যালোচনা এইজন্য দরকার যে দেশে স্বাধীন বিচার ব্যবস্থা থাকলেও সুপ্রিম কোর্ট তার স্বকীয়তা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তারা বিগত সরকারের সময় রাজনৈতিক কর্মীতে পরিণত হয়েছিলো।’

মন্ত্রী বলেন, ‘মানবাধিকার কমিশন, গুম কমিশন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তাছাড়া জুলাই সনদে কিছু অংশে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে। ওইসব অংশ বিএনপি তার অঙ্গীকার অনুযায়ী তা বাস্তবায়ন করবে।’

এসময় তিনি বলেন, ‘ক্রসফায়ার, গুম, মিথ্যা মামলায় শূন্যের কোঠায় এসেছে। সরকার দায়িত্ব নিয়ে জনকল্যাণে কাজ করছে। এ কথাগুলো জাতির সামনে তুলে ধরতে হবে। সরকারে পাশে দাঁড়াতে হবে।’

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, পৃথক বিচার বিভাগ সচিবালয় আইন, মানবাধিকার কমিশন আইন, গুম কমিশন আইন ও জুলাই সনদ আইন যাচাই বাছাই করেই সংসদে উত্থাপন হবে।

তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার। ফলে জনগণ অনৈতিকতায় ভরপুর বিচার ব্যবস্থা চায় না। আমরা ইন্টেলেকচুয়াল দুর্নীতির পথ বন্ধ করতে চাই।’

আইনমন্ত্রী বলেন, ‘দেশে ফের বিভক্তির রাজনীতি চর্চার চেষ্টা চলছে। আমরা ৭১, ২৪ নিয়ে কোন বিভক্তি চাই না, বিভক্তির রাজনীতি থেকে ফিরে আসতে হবে। বাংলাদেশী চেতনায় বিশ্বাসী হতে হবে।’

জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। সভায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর-৫ আসনের এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জজ মাহমুদা খানম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বক্তব্য দেন।

ইএ