ভালো আচরণ প্রদর্শনের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশ আইজিপির

মো. আলী হোসেন ফকির
মো. আলী হোসেন ফকির | ছবি: এখন টিভি
0

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জনগণের প্রতি ভালো আচরণ প্রদর্শনের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) ঢাকার নৌ পুলিশ সদরদপ্তর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আইজিপি নৌ পুলিশ সদরদপ্তরে পৌঁছালে তাকে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম শুভেচ্ছা জানান। পরে তিনি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এসময় তিনি বিগত ঈদুল আজহায় নৌপথে চলাচলরত যাত্রীদের নিরাপত্তায় নৌ পুলিশের সরব উপস্থিতি ও দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুন:

এছাড়া দেশের নদীপথের সার্বিক নিরাপত্তা, জলজ-সম্পদ রক্ষা, ইলিশ ও অন্যান্য মৎস্য সম্পদ সংরক্ষণ এবং জলদস্যুতা দমনে নৌ পুলিশের ভূমিকার প্রশংসা করেন।

তিনি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নৌ পুলিশের সক্ষমতা আরও বৃদ্ধি করা এবং জনগণের সেবা সুনিশ্চিত করার জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) একেএম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (অর্থায়ন) মো. আকরাম হোসেন, এসবি প্রধান অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, অতিরিক্ত ডিআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) আহম্মদ মঈদসহ নৌ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।—বাসস

এসএস