সরকার গণভোটের দাবি থেকে সরে আসায় জনগণ হতাশ হয়েছে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ | ছবি: এখন টিভি
0

গণভোটের দাবি থেকে সরকারের সরে আসা জনগণকে হতাশ ও আহত করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

আজ (শনিবার, ১১ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন শপথ চত্বর মোড়ে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রার আয়োজন করা হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সরকার এক কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ছয় মাস অতিবাহিত হলেও একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারেনি।’

তিনি সরকারকে দ্রুত বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘দেশে দিন দিন লোডশেডিংয়ের মাত্রা বেড়েই চলেছে। সরকার ইরান যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের দাম বাড়ালেও এখন পর্যন্ত বিদ্যুৎ সংকটের কার্যকর সমাধান করতে পারেনি। ফলে চলমান বিভিন্ন সংকটে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।’

এর আগে শহরের মিশন রোড থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাইতুল আমিন শপথ চত্বরে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তরিকুল ইসলাম, চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলম, সদস্য সচিব আমানউল্লাহ পাটওয়ারীসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

জেআর