নিয়োগের চমক থেকে পদত্যাগ; শেষ হলো সাহাবুদ্দিন অধ্যায়

সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহবুদ্দিন
সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহবুদ্দিন | ছবি: সংগৃহীত
0

তিন বছর দায়িত্ব পালনকালে তিন সরকারপ্রধানকে শপথ পড়ানো রাষ্ট্রপতি মোহাম্মদ সাহবুদ্দিন, মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন। বর্ণিল বলা না গেলেও ঘটনাবহুল, নিয়োগের চমক থেকে শুরু যে যাত্রার— আলোচিত-সমালোচিত সেই অধ্যায়ের সমাপ্তি হলো পদত্যাগের মধ্যদিয়ে।

রাষ্ট্রপতি হবেন— নিজেও ভাবেননি কোনোদিন। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হন মো. সাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি হওয়ার পরেও বিভিন্ন সময় আনুগত্য প্রকাশ করেন আওয়ামী সরকারে কাছে। এ নিয়ে বিভিন্ন মহলে সেসময়ই আলোচিত সমালোচিত হয়েছিলেন মো. সাহাবুদ্দিন চুপ্পু।

বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শেখ হাসিনা সরকারকে শপথ পড়ানোর ৬ মাসের মাথায় ২৪ এর জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। হুট করেই যেন নিজ গতিপথের ছন্দ হারান রাষ্ট্রপতি।

নিজ আসনে বহাল তবিয়তে থেকেই চব্বিশের এর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহামদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের শপথ পড়ানোর দায়িত্ব সারেন সাহাবুদ্দিন চুপ্পু।

আরও পড়ুন:

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে চব্বিশের এর ২২ অক্টোবর থেকেই ভিন্ন ভিন্ন ব্যানারে শাহবাগ ও বঙ্গভবনের সামনের সড়কে অবস্থা নেন বিক্ষোভকারীরা। সমর্থন আসে বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীদেরও। বারবার গুঞ্জন ওঠে রাষ্ট্রপতি পদত্যাগেরও।

এছাড়াও ‘তিনি ভালো নেই’ বা ‘তার ভালো লাগে না’ বলেও জানিয়েছিলেন দেশবাসীকে। বিভিন্ন সময় মানুষের কাছে ভুল বার্তা ও রাষ্ট্রপতিকে অপসারণের মতো খবরে অপমানিত বোধ করেছেন বহুবার। নির্বাচন হয়ে গেলে দায়িত্ব ছেড়ে দেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন আগেভাগেই।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানকে শপথ পড়ানোর পর আবারও প্রশ্ন ওঠে সাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে। বিএনপি ক্ষমতাসীন অবস্থায় কতদিন দায়িত্বে থাকবেন আওয়ামী লীগ আমলের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন?

এমন প্রশ্নের বেড়াজালে হুট করেই তাকে নিয়ে নানা চক্রান্ত চলছে— গণমাধ্যমে এমন বক্তব্য দিয়ে আবারও আলোচনা-সমালোচনার জন্ম দেন তিনি। দেশের শান্তি-শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পাঁয়তারা হয়েছে বলেও মন্তব্য করেছিলেন রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বেশ কয়েকবার সৌহার্দ্যপূর্ণ আলাপনে দেখা গেলেও সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগপত্রে অসুস্থতার কারণ দেখিয়ে দায়িত্ব থেকে বিদায় নিলেন তিন সরকারের আমলে দায়িত্ব পালন করা এই রাষ্ট্রপতি।

এসএস