ছাত্র-জনতার হত্যাকারীদের বিচার হবেই: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী | ছবি: এখন টিভি
0

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার হত্যাকারীদের বিচার হবেই বলে প্রতিশ্রুতি দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ (বুধবার, ৫ আগস্ট) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে শহিদ পরিবার ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাই আন্দোলনে শহিদ ও আহত গর্বিত সন্তানদের জন্যই বিএনপি সরকার গঠন করেছে। আমরা এমপি-মন্ত্রী হতে পেরেছি। দেশ ও জনগণের উন্নয়নে কাজ করার সুযোগ পেয়েছি।’

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে শহিদের আত্মত্যাগ আমরা কখনো ভুলবোনা। যারা শিশু, ছাত্র, যুবকসহ মানুষ হত্যা করেছে তাদের বিচার হবেই। আমরা প্রতিটি হত্যার বিচার করবো এবং এরইমধ্যে এই বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে।’

সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘দেশে আসতে চাইতেছেন, আসেন। তবে বলি, যে পালাইয়া গেছে, সে আসার জন্য পালায় নাই। এটা মুখের বুলি। আসলেই বিচারের মুখোমুখি হতে হবে। তার সব অপকর্মের যথাযথ বিচার হবে।’

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে ইয়াসের খান বলেন, ‘অনেকেই বাড়িতে থাকতে পারেননি, অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। আর তা প্রতিবাদের বীজ রোপণ করেছিলেন তারেক রহমান।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘সেই রোপণের সময় আমরা সঙ্গে ছিলাম। সেই ফল আজকের ৫ আগস্ট। এরপর জনগণ তার প্রতি আস্থা রেখে বিপুল ভোটে জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতা দিয়েছে। আর প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ভোটের প্রতি আস্থা রেখে দেশকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন এবং এরইমধ্যে তা অনেক দৃশ্যমান হয়েছে।’

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘আমার এলাকায় কোনো চাঁদাবাজি হবে না, সন্ত্রাস হবে না। আমার দলকে আমি বলে দিয়েছি, আমি যদি চাঁদা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো খবর পাই, তবে দল থেকে বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড়া হবে না।’

এসময় তিনি বলেন, ‘শহিদদের স্মরণে আগামী দুই মাসের মধ্যে আধাপাকা ঘর নির্মাণ, সাত দিনের মধ্যে পানির কল স্থাপন এবং ফ্যামিলি ও কৃষক কার্ড দেয়া হবে।’

নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে

নান্দাইল উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, পৌর বিএনপির সভাপতি নজরুল ইসলাম ফকির, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ভূঁইয়া এবং যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক নোমানী প্রমুখ।

এসএস