জন্মাষ্টমীতে উৎসবমুখর দেশ: অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যাশা ভক্তদের

জন্মাষ্টমীর মহা শোভাযাত্রা
জন্মাষ্টমীর মহা শোভাযাত্রা | ছবি: সংগৃহীত
0

ভক্তি, আবেগ আর উৎসবের রঙে দেশজুড়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মতিথি ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রা, পূজা-অর্চনা আর নানা আয়োজনে মুখর ছিল নগর-বন্দর। ধর্মীয় উৎসবের পাশাপাশি উঠে এসেছে শান্তি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যাশা।

রঙ-বেরঙের সাজে কৃষ্ণের বেশে শিশু-কিশোর থেকে তরুণ-তরুণী। কারও হাতে বাঁশি, কারও মাথায় ময়ূরের পালক। ঢাক-ঢোল আর বাদ্যের তালে মুখর চারপাশ। জন্মাষ্টমী উপলক্ষে সকালে চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে বের হয় বর্ণাঢ্য মহা শোভাযাত্রা। নানা বয়সী মানুষের পদচারণায় উৎসবের রঙ নামে নগরীর সড়কে।

শোভাযাত্রা থেকে উঠে আসে সনাতনীদের অধিকার ও অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যাশা। সংখ্যালঘু আইন প্রণয়ন, সংখ্যালঘু কমিশন গঠন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

বরিশাল নগরীর লাইন রোডে উদ্বোধনের পর জাতীয় সংগীত ও সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। রঙিন সাজপোশাক আর ভক্তিমূলক প্রতীকে মুখর হয়ে ওঠে নগরীর প্রধান সড়ক। ভক্তদের প্রত্যাশা—শান্তি, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হোক দেশের প্রতিটি মানুষ।

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে উৎসবে মেতেছে বগুড়াও। নগরীর সাতমাথা থেকে শুরু হয়ে শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।

ময়মনসিংহে দুর্গাবাড়ি মন্দির থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বেলুন উড়িয়ে উদ্বোধনের পর ঢাক-ঢোল আর রঙ-বেরঙের সাজে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করেন সনাতন ধর্মাবলম্বীরা।

চুয়াডাঙ্গায় বড় বাজার দুর্গা মণ্ডপ থেকে শুরু হয়ে শোভাযাত্রা শেষ হয় সত্যনারায়ণ মণ্ডপে। ঢাক-ঢোল আর নানা বাদ্যযন্ত্রের তালে বর্ণিল সাজে এতে অংশ নেন বিভিন্ন মন্দির থেকে আসা ভক্তরা। দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় প্রার্থনা।

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ধর্মীয় আবেগের সঙ্গে তাই উচ্চারিত হয়েছে মানবতা ও সহাবস্থানের বার্তাও। জন্মাষ্টমীর এই আয়োজন যেন মনে করিয়ে দেয়—সম্প্রীতিই পারে সমাজকে আরও সুন্দর, আরও মানবিক করে তুলতে।

ইএ