বিমানবন্দরে লাগেজ চুরি রোধে হ্যান্ডলিং কার্যক্রম লাইভ সম্প্রচারের দাবিতে আইনি নোটিশ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর | ছবি: সংগৃহীত
0

বিমানবন্দরে যাত্রীদের লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরি ও লুটপাট স্থায়ীভাবে বন্ধ করতে উড়োজাহাজের কার্গো হোল্ড থেকে ব্যাগেজ বেল্ট পর্যন্ত পুরো লাগেজ হ্যান্ডলিং কার্যক্রম লাইভ সিসিটিভির মাধ্যমে যাত্রীদের সামনে সম্প্রচারের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে দুর্নীতিমুক্ত স্টাফ নিয়োগ নিশ্চিত করতে দুদককে নজরদারির নির্দেশ চাওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) জনস্বার্থে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন এ আইনি নোটিশ পাঠান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন বিমানবন্দরের পরিচালক ও ব্যবস্থাপককে নোটিশের প্রাপক করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বিমানবন্দর আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রবেশদ্বার। কিন্তু দীর্ঘদিন ধরে দেশে আসা ও বিদেশগামী যাত্রী, পর্যটক, বিদেশি কূটনীতিক, ব্যবসায়ী এবং বিশেষ করে প্রবাসী শ্রমিকরা লাগেজ চুরির শিকার হচ্ছেন। উড়োজাহাজের কার্গো হোল্ড থেকে লাগেজ নামিয়ে কনভেয়ার বেল্টে পৌঁছানোর মধ্যবর্তী সময়ে তালাবদ্ধ লাগেজ কেটে মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী চুরির অভিযোগ রয়েছে।

এই চুরির ঘটনা যাত্রীদের চরম আর্থিক ক্ষতি ও মানসিক হয়রানি করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। এটি সংবিধানের ৪২ অনুচ্ছেদে বর্ণিত সম্পত্তির মৌলিক অধিকার এবং ৩২ অনুচ্ছেদে বর্ণিত মর্যাদাপূর্ণ জীবনের অধিকারকে সরাসরি পদদলিত করছে।

নোটিশে আরও তুলে ধরা হয়, রানওয়ে ও ব্যাগেজ সর্টিং এরিয়ায় নজরদারির অভাব ও সিসিটিভির অনুপস্থিত এলাকাগুলোকে পুঁজি করে গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মী ও লোডাররা এই অপরাধ নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে। তাই এই চুরি সিন্ডিকেট চিরতরে ভেঙে দিতে পুরো লাগেজ পরিবহন প্রক্রিয়ায় পূর্ণ দৃশ্যমান স্বচ্ছতা আনা আবশ্যক।

উড়োজাহাজের কার্গো অংশ থেকে লাগেজ খালাস, ট্রলিতে তোলা, র‍্যাম্প এলাকা অতিক্রম করে ব্যাগেজ বেল্টে তোলার পুরো প্রক্রিয়াটি উচ্চমানের ক্লোজড-সার্কিট ক্যামেরার আওতায় এনে অ্যারাইভাল লাউঞ্জের বড় পর্দায় সরাসরি যাত্রীদের সামনে লাইভ সম্প্রচার করতে হবে। পাশাপাশি নিরাপত্তা বা তল্লাশির স্বার্থে কাস্টমস বা নিরাপত্তা সংস্থা কোনো যাত্রীর লাগেজ খুললে বা পরীক্ষা করলে, তাও যাত্রীর সামনে সরাসরি ক্যামেরায় লাইভ প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।

বিমানবন্দর কর্মীদের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছে। নোটিশে বলা হয়, লোডার, গ্রাউন্ড হ্যান্ডলিং ও নিরাপত্তাকর্মী নিয়োগে ঘুষ ও অনিয়ম বন্ধ করে সম্পূর্ণ মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ কাঠামো নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনকে সক্রিয় প্রাতিষ্ঠানিক নজরদারি চালানোর কথাও বলা হয়েছে।

আইনি নোটিশে আগামী ১০ দিনের মধ্যে দেশের সব বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংয়ের পুরো প্রক্রিয়া লাইভ সিসিটিভির মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা, প্রকাশ্যে লাগেজ তল্লাশি নিশ্চিত করা এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় সাধারণ যাত্রী ও প্রবাসীদের অধিকার রক্ষা এবং রাষ্ট্রের ভাবমূর্তি সুরক্ষায় সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এফএস