সরকারি দরপত্র ও ক্রয়প্রক্রিয়া চালু রাখতে স্থানীয় সরকার বিভাগের নির্দেশ

স্থানীয় সরকার বিভাগ
স্থানীয় সরকার বিভাগ | ছবি: এখন টিভি
1

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার আগের নির্দেশনা বাতিল করেছে স্থানীয় সরকার বিভাগ।

এখন থেকে প্রচলিত নিয়মে এসব দরপত্র ও ক্রয়প্রক্রিয়া চালু রাখার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি স্মারকে বলা হয়, গত ১৫ অক্টোবর জারি করা স্মারকের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে প্রচলিত যথাযথ নিয়ম অনুসরণ করে সকল কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এ নির্দেশনা সিটি করপোরেশন, ওয়াসা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা প্রশাসন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার জন্য স্মারকে নির্দেশ দেওয়া হয়।—বাসস

এএইচ