কক্সবাজারে ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৃণমূলের উচ্ছ্বাস

কক্সবাজারে ছাত্রদলের নতুন কমিটি
কক্সবাজারে ছাত্রদলের নতুন কমিটি | ছবি: এখন টিভি
0

দীর্ঘ দুই বছর পর ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটিকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নবগঠিত কমিটির নেতাদের বরণ করে নিতে গতকাল (সোমবার, ৪ মে) কক্সবাজার বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল নামে। এসময় সভাপতি ফাহিমুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান তারা।

বরণ অনুষ্ঠান শেষে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই শোডাউন শেষ হয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে।

সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদল কক্সবাজার জেলা শাখার ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে। এতে সভাপতি হিসেবে ফাহিমুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে সাঈদ আনোয়ার দায়িত্ব পেয়েছেন।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হোসেন মাদু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাহেদ নুর জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ সালমান বাপ্পি এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আশরাফ ইমরানকে।

আরও পড়ুন:

নবনির্বাচিত সভাপতি ফাহিমুর রহমান বলেন, ‘দল আমাদের ওপর যে আস্থা রেখেছে, তা আমরা অবশ্যই কাজের মাধ্যমে প্রমাণ করবো। কক্সবাজার জেলা ছাত্রদলকে সংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।’

সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ার বলেন, ‘দীর্ঘদিন পর কমিটি ঘোষণায় তৃণমূলের মাঝে যে উচ্ছ্বাস দেখা গেছে, তা আমাদের জন্য বড় অনুপ্রেরণা। আমরা সবাইকে সঙ্গে নিয়ে ছাত্রদলকে গতিশীল করতে চাই।’

শোডাউনে অংশ নেয়া একাধিক নেতাকর্মী জানান, নতুন নেতৃত্বে সংগঠন আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী। তাদের মতে, তৃণমূলের প্রত্যাশা পূরণে নতুন কমিটি ইতিবাচক ভূমিকা রাখবে এবং সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে।

এসএস