Recent event

প্রতিটি দুর্যোগে এলাকায় ছিলাম, মানুষের থেকে দূরে থাকিনি: মির্জা আব্বাস

নির্বাচনি প্রচারণায় মির্জা আব্বাস
নির্বাচনি প্রচারণায় মির্জা আব্বাস | ছবি: এখন টিভি
0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, আমি প্রতিটি দুর্যোগে এলাকায় ছিলাম। কখনো মানুষের থেকে দূরে থাকিনি। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইলে হক ক্যাসেল ফ্ল্যাট মালিকদের সঙ্গে নির্বাচনি মতবিনিময় সভা শেষে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘আমি মন্ত্রী ছিলাম, কিন্তু মন্ত্রিত্বের সুবিধা নিতে যাইনি। মেয়র ছিলাম, কিন্তু গুলশানের মেয়র হাউসে যাইনি। কেন জানেন? কারণ আমার লোকজন কষ্ট করে আমাকে ভোট দিয়েছে। তাদের সমস্যা থাকলে তারা আমাকে কোথায় পাবে? গুলশানে গেলে তারা কীভাবে আসবে? পুলিশি বাধা পেরিয়ে কীভাবে দেখা করবে?— এসব চিন্তা থেকেই আমি সবসময় এলাকায় থেকেছি।’

এর আগে, তিনি সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ঢাকা-৮ আসনের পোলিং এজেন্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

এসময় মির্জা আব্বাস বলেন, ‘এই দেশের সচেতন জনগণ কখনো ভোট দেয়ার সুযোগ পেলে ভুল করেনি। তারা সবসময় সঠিক জায়গায় ভোট দিয়েছে। কিন্তু গত ১৭ বছর আমরা ভোট দেয়ার সুযোগ পাইনি।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আমার এলাকার মানুষ গত ১৭ বছর কোনো এমপির চেহারা পর্যন্ত দেখেনি, শুধু নাম শুনেছে। কোথায় থাকেন, ঠিকানা কী? কেউ জানে না। আমি নিজেও খুঁজে পাইনি।’

মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ‘আমরা বছরের পর বছর জেলে থেকেছি, আন্দোলন করেছি। সেই আন্দোলনের পথকে আমরা সুগম করেছি। সুতরাং এককভাবে চব্বিশের দাবিদার কেউ নয়। কিন্তু এখন অনেকে এমনভাবে ভাবছে, কাজকর্ম ও কথা বলছে, যেন তারা দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছে।’

সবসময় তিনি মানুষের কাছে থাকার চেষ্টা করেছেন উল্লেখ করে বলেন, ‘আগামী দিনেও বলছি আমাকে খুঁজতে হবে না। একটি ফোন দিলেই হবে। বাসায় না পেলে ফোন দিয়ে জানাবেন ইনশাআল্লাহ, আমাকে পাবেন।’

এসএইচ