সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক | ছবি: এখন টিভি
0

সব শঙ্কা উড়িয়ে সেপ্টেম্বরেই বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের উদ্বোধন শেষে এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিযোগিতার বাছাই প্রক্রিয়া ও নতুন আসর শুরুর সময়ও জানিয়েছেন তিনি।

নানা নাটকীয়তা শেষে ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। যে ঘটনার জেরে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে দেখা দেয় চরম অবনতির শঙ্কা।

তবে সম্পর্কের বরফ গলেছে। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে ভারতীয় ক্রিকেট দল। নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের উদ্বোধন শেষে এ কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, ‘বিগত সময়ের একটি ঘটনাকে কেন্দ্র করে, বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে যে একটি টানাপোড়ন হয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এরইমধ্যে আমি নিজেই আমাদের ইন্ডিয়ান এম্বাসিতে আমি কথা বলেছি, তারাও আমাদের সঙ্গে কথা বলেছে। তারা সবাই ওয়েট করছে যে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে।’

নতুন কুঁড়ি স্পোর্টসে তরুণ ক্রীড়াবিদ বাছাইয়ের ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি হচ্ছে না বলেই দাবি আমিনুল হকের। এক্ষেত্রে মন্ত্রণালয়ের নির্দেশিকা মেনেই সব কার্যক্রম সম্পন্ন হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন:

আমিনুল হক বলেন, ‘আমরা ইউনিয়ন পর্যায় থেকে, আমাদের উপজেলা পর্যায় থেকে, আমরা জেলা পর্যায় থেকে, বিভাগ থেকে জাতীয় পর্যায়ে কীভাবে অংশগ্রহণ করবে এবং কীভাবে খেলোয়াড় বাছাই করা হবে এবং কীভাবে আমরা প্রতিভাবান খেলোয়াড়দেরকে বাছাই করবো, টোটাল বিষয়গুলোই নির্দেশিকার ভেতরে রয়েছে।’

এদিকে সেপ্টেম্বরে শুরু হবে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর। যেখানে যুক্ত হবে নতুন আরও ২ ইভেন্ট। এরই মধ্যে রেজিস্ট্রেশন শুরুর কথাও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, ‘ইনশা আল্লাহ দ্বিতীয় আসর আমাদের সেপ্টেম্বর থেকে আবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এরইমধ্যে আমাদের দ্বিতীয় আসরের অনলাইন যে রেজিস্ট্রেশন কার্যক্রম ১ জুলাই থেকে শুরু হয়েছে। আমাদের ৮টির সঙ্গে সাথে আরও ২টি ইভেন্ট বাড়ছে। সেটি হচ্ছে একটি ভলিবল, আরেকটি হচ্ছে টেবিল টেনিস। তো এই ১০টি ইভেন্ট নিয়ে ইনশাল্লাহ দ্বিতীয় আসর শুরু হবে।’

আগামী ২৭ জুলাই নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবেন যেখানে সেরা ক্রীড়াবিদদের মাঝে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসএস