নাহিদ রানা-শরিফুল ইসলামের ইনজুরির আক্ষেপ ভুলে নতুন রূপে সাজছে বাংলাদেশের পেস ইউনিটে। অস্ট্রেলিয়ার পেস বান্ধব উইকেটে ঝড় তুলতে প্রস্তুতি হচ্ছেন দীর্ঘদেহী পেসার মুশফিক হাসান। সবশেষ দুই বছরে ইনজুরির জন্য তেমন বেশি ম্যাচ না খেললে, র পেস আর প্রাণঘাতী বাউন্সার মারার ক্ষমতাই ফের একবার খুলে দিয়েছে তার জাতীয় দলের দরজা। নতুন পেস জুটিতে তার সঙ্গে দেখা যাবে কাউন্টি ক্রিকেট মাতানো হাসান মাহমুদকেও। অনুশীলনেও তাদের দেখা গেল একই সঙ্গেই।
গতকাল (বুধবার, ২৯ জুলাই) শেরে ই বাংলায় দলের বাকিদের সঙ্গে অনুশীলনে দীর্ঘসময় ঘাম ঝরিয়েছেন লিটন কুমার দাস-শরিফুল ইসলামরাও। অন্তত সিরিজের ২য় টেস্টেই ফিরতে মরিয়া এ দুই টাইগার ক্রিকেটার। অন্যদিকে প্রায় সাড়ে ৫ বছর পর টেস্ট দলে ফেরা সৌম্যর চ্যালেঞ্জটা ভিন্ন। অজিদের ভয়ংকরী পেস ত্রয়ীর গোলা শুরুতেই সামলানোর দায়িত্ব থাকবে তার কাঁধে। তাই নিজেকে মেলে দিতে তৈরি হচ্ছেন তিনি নিজের মতো করে।
কখনো বোলিং মেশিন তো কখনো পেসারদের আগুনে বোলিং। চিরচেনা শান্ত ভঙ্গিতে স্থির চিত্তে সব সামলেছেন মুশফিকুর রহিম। দলের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটারের ওপরই তো থাকবে মহাগুরুত্বপূর্ণ সিরিজের গুরু দায়িত্ব। প্রস্তুত হচ্ছেন তানজিদ তামিমরাও। ৩১ জুলাই দেশ ছাড়ার আগে প্রস্তুতির ঘাটতি রাখতে চায় না দল।
ইনজুরিতে দলের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিটকে গেলেও হাল ছেড়ে দিতে নারাজ বাংলাদেশ। স্কোয়াডে জায়গা পাওয়াদের ওপর ভরসা রাখা কোচিং প্যানেল দল সাজাচ্ছে নিজেদের সর্বস্বটাই দিয়েই।





