ঘরোয়া টুর্নামেন্ট শুরুর আগেই সূচি পেছানো যেন দেশের ফুটবলে সাধারণ ঘটনা। ব্যত্যয় ঘটেনি এবারও। চ্যালেঞ্জ কাপ দিয়ে গত ২১ আগস্ট এবারের মৌসুম শুরুর কথা থাকলেও, তা হয়নি। নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না ফেডারেশন কাপ ও বাংলাদেশ ফুটবল লিগও।
লিগ শুরুর সময় পিছিয়ে গেলেও তেমন একটা সমস্যা দেখছে না মোহামেডান স্পোর্টিং ক্লাব। এখন টিভিকে দেয়া সাক্ষাৎকারে দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানান, নতুন কোচ আসার পরই পুরোদমে অনুশীলন শুরু করবে সাদা-কালোরা।
তিনি বলেন, ‘নামী কোচ আমাদের দলে অন্তর্ভুক্ত করেছি, আপনারা জানেন। একজন আর্জেন্টাইন বংশোদ্ভূতকে আমাদের দলে এনেছি। উনি কয়েকদিনের মধ্যেই চলে আসবেন। উনি আসার পরই আমরা অনুশীলন শুরু করবো।’
আরও পড়ুন:
২০২৪-২৫ মৌসুমে লিগ শিরোপা জিতলেও শূন্য হাতে গত মৌসুম শেষ করে মোহামেডান। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বেশ শক্ত দল গড়েছে সাদা-কালোরা।
আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আমরা একটি ভালো এবং ভারসাম্যপূর্ণ দল গড়েছি। ফেডারেশন কাপ বা লিগ যেটার কথাই বলেন না কেন, প্রতিটি টুর্নামেন্টেই আমাদের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়া।’
সেরা ফল পেতে ফুটবলারদের সেরা সুবিধা নিশ্চিত করতে চায় মোহামেডান। সে লক্ষ্যে এবার দলের অনুশীলন ভেন্যুতেও এসেছে পরিবর্তন।
বাবু বলেন, ‘এবার আমরা ধানমন্ডির মাঠটাকে অনুশীলনের জন্য বেছে নিয়েছি। সেইসঙ্গে খেলোয়াড়দের বাসস্থান এবং অন্যান্য বন্দোবস্ত করার জন্য যত রকমের পরিকল্পনা করা দরকার, আমরা করছি।’
বেশ আঁটঘাট বেধেই ফুটবলের লড়াইয়ে নামছে মোহামেডান। নতুন মৌসুমে নতুন কোচের অধীনে সমর্থকদের মুখে হাসি ফোটানোই ক্লাবটির লক্ষ্য।





