লস অ্যাঞ্জেলেসে ইরানের ফুটবলাররা রেখে গেলেন মানবিকতার বার্তা

ইরান ফুটবল দলের রেখে যাওয়া চিঠি
ইরান ফুটবল দলের রেখে যাওয়া চিঠি | ছবি: এখন টিভি
0

বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়াম ছাড়ার আগে ড্রেসিংরুমে একটি চিঠি রেখে যায় ইরান। বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি মানবিকতা আর কৃতজ্ঞতা প্রকাশের এক অসাধারণ বার্তা দিয়ে আলোচনায় এসেছে ইরান জাতীয় ফুটবল দল। কী ছিলো ইরানের সেই চিঠিতে?

মাঠের বাইরে নানা প্রতিবন্ধকতাকে একপাশে রেখে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো ইরান ফুটবল দল। লস অ্যাঞ্জেলেসের ড্রেসিংরুমে রেখে যাওয়া চিঠির মাধ্যমে দারুণ এক বার্তা লিখে যান জাহানবাক্স-আলিরেজারা।

চিঠিতে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় ইরানি সমর্থকদের। চিঠিতে বলা হয়েছে, সমর্থকরা তাদের হৃদয়, কণ্ঠ আর আত্মা দিয়ে পাশে থেকেছেন। দুই ম্যাচেই গ্যালারিতে ছিলো ইরানি ভক্তদের প্রাণবন্ত উপস্থিতি, যা খেলোয়াড়দের বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে।

বার্তার শেষ অংশে ছিলো শান্তি, পারস্পরিক সম্মান এবং বিশ্বের সব জাতির মধ্যে বন্ধুত্বের আহ্বান। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এমন বার্তা অনেকের মন ছুঁয়ে গেছে।

আরও পড়ুন:

এবারের বিশ্বকাপে বিশেষ বিধিনিষেধের কারণে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে অবস্থান করতে পারেনি ইরান দল। মেক্সিকোর সীমান্ত শহর তিহুয়ানাকে বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করে প্রতিটি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যাতায়াত করছে তারা। দলের কয়েকজন কর্মকর্তা ও স্টাফের ওপরও রয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা।

তবু মাঠের পারফরম্যান্সে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পর বেলজিয়ামের বিপক্ষেও পেয়েছে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট।

এখন সব নজর গ্রুপ পর্বের শেষ ম্যাচে। সিয়াটলে মিশরের বিপক্ষে জয় পেলে নকআউট পর্বের স্বপ্ন আরও উজ্জ্বল হবে ইরানের। আর সেই লড়াইয়ে সঙ্গে থাকবে সমর্থকদের ভালোবাসা এবং শান্তির বার্তা।

এসএইচ