সকাল থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিপাতে বিঘ্ন ঘটছে রাজধানীবাসীর স্বাভাবিক জীবনযাত্রায়। একটানা ভারী বর্ষণের ফলে শহরের বিভিন্ন নিচু এলাকায় ও কিছু প্রধান সড়কে পানি জমে গেছে। বিশেষ করে নয়পল্টন, ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর ও নটর ডেম কলেজের আশপাশের সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
দুর্ভোগ পড়েছেন চাকরিজীবী ও শিক্ষার্থীসহ সপ্তাহের প্রথম কর্মদিবসে ঘর ছাড়া মানুষ। তারা বলছেন, অল্প বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করে।
আরও পড়ুন:
একদিকে নর্দমা ও ড্রেনেজ অব্যবস্থাপনা, অন্যদিকে পর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা না রেখেই রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণের কারণে রাজধানীর নিম্ন এলাকাগুলো সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় পানিতে— যা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় খেটে খাওয়া মানুষের।
এমন অবস্থায় রিকশার চাহিদা বৃদ্ধি পেলেও বাড়তি ভাড়া আদায়েরও অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। রিকশায় যাতায়াত করা মানুষগুলো বলছেন, তাদের অসহায়ত্বের সুযোগে ভাড়া বাড়িয়ে বাড়তি আয়ের সুযোগ খুঁজছেন রিকশাচালকরা।
নগরীর জলাবদ্ধতা নিরসনে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, দখলকৃত খাল ও জলাধার উদ্ধার এবং নিয়মিত বর্জ্য অপসারণ করা জরুরি বলে মনে করেন রাজধানীবাসী।




