ফেসবুকে ৫ হাজারের বেশি বন্ধু যুক্ত করা যাচ্ছে?

প্রতীকী
প্রতীকী | ছবি: এআই জেনারেটেড
0

সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে ফ্রেন্ডস বা বন্ধু যুক্ত করার ক্ষেত্রে ৫ হাজারের সীমা দীর্ঘদিন ধরেই প্রচলিত। ৫ হাজার বন্ধুর সীমা পূরণ হয়ে গেলে নতুন করে আর কাউকে যুক্ত করা যেত না। তবে সম্প্রতি সামাজিক এ মাধ্যমে বন্ধুসীমা তুলে দেয়ার গুঞ্জন উঠেছে। অনেকেই বিভিন্ন পোস্টে দাবি করছেন, ফেসবুকে বন্ধু যুক্ত করার ক্ষেত্রে ৫ হাজারের পরিবর্তে ৬ ও ১০ হাজারের সীমা নির্ধারণ হতে যাচ্ছে। অনেকে এ-সংক্রান্ত আপডেটও পেয়েছেন। তবে আদৌ এমন কিছু হচ্ছে কি না? বা মেটা কি এমন কোনো পরিবর্তন আনছে?

ফেসবুকে বন্ধু তালিকার সীমা তুলে দেয়ার বিষয়ে বিভিন্ন পোস্ট ও আলোচনা দেখা যাচ্ছে। এসব পোস্ট দেখে অনেক ব্যবহারকারীর মনে প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে কি এবার ৫০০০ জনের বেশি মানুষকে বন্ধু হিসেবে যুক্ত করা যাবে? বিশেষ করে যারা নিয়মিত ফেসবুক ব্যবহার করেন এবং বড় বন্ধু তালিকা রাখতে চান, তাদের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

গত ১৯ অক্টোবর (সোমবার) জর্জিয়ার অধিবাসী মাইকেল নট তার প্রোফাইলে দেয়া এক পোস্টে লেখেন, ‘ফেসবুক রেইজেস ফাইভ থাউজেন্ড ফ্রেন্ড লিমিট ফর দ্য ফার্স্ট টাইম।’ অর্থাৎ প্রথমবারের মতো ফেসবুক ৫ হাজার ফ্রেন্ড যুক্ত করার সীমা উঠিয়ে নিয়েছে। তিনি লেখেন, ‘প্রথমবারের মতো ফেসবুক আমাকে ৫ হাজারের বেশি বন্ধুকে তালিকায় যুক্ত করার সুযোগ দিচ্ছে। জানি না কী পরিবর্তন হয়েছে, তবে বিষয়টা আমার জন্য নতুন।’

মাইকেল নটের ফেসবুক পোস্ট |ছবি: সংগৃহীত

তবে শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট ছড়িয়ে পড়লেই কোনো নিয়ম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হয় না। এ ধরনের দাবির সত্যতা যাচাই করতে মেটার আনুষ্ঠানিক ঘোষণা, ফেসবুকের হেল্প সেন্টারে প্রকাশিত নির্দেশনা কিংবা নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখা জরুরি বলে মন্তব্য করেছেন প্রযুক্তি বিশারদরা।

প্রচলিত নিয়ম অনুযায়ী, একটি ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে সর্বোচ্চ ৫০০০ জন বন্ধু রাখা যায়। তবে এ সীমা তুলে দেয়া হয়েছে বা এর পরিবর্তে নতুন নিয়ম চালু হয়েছে এমন কোনো তথ্য মেটার পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি। ফলে ৫০০০-এর বেশি বন্ধু যুক্ত করার সুযোগ এরই মধ্যেই চালু হয়েছে, এমন দাবি যাচাই ছাড়া বিশ্বাস করা ঠিক হবে না।

নর্থ ক্যারোলিনার অধিবাসী মারিসা লি তার প্রোফাইলে দেয়া পোস্টে লেখেন, ফেসবুক কি অবশেষে আপডেটের মাধ্যমে ফ্রেন্ড লিস্টে ৫ হাজারের বেশি বন্ধু রাখার সুযোগ দিলো? বহু বছর ধরে নতুনদের লিস্টে যুক্ত করার জন্য আমাকে পুরোনো ও ডিঅ্যাকটিভ হওয়া অ্যাকাউন্ট মুছে দিতে হচ্ছিলো। সেই সঙ্গে ডিলিট করে দেয়ার মতো অ্যাকাউন্টও কমে আসছিল। ফেসবুক যদি আসলেই এমন কোনো পরিবর্তন আনে তাহলে সেটা দারুণ খবর হবে।’

মারিসার লির ফেসবুক পোস্ট |ছবি: সংগৃহীত

মেটা ভবিষ্যতে এ নিয়ম পরিবর্তন করবে কি না, তা নিয়েও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কিছু জানালে তবেই বিষয়টি স্পষ্ট হবে এবং সব ব্যবহারকারী এ সুবিধা পাবেন।

তবে যারা ফেসবুকে বেশি মানুষের কাছে নিজেদের পোস্ট পৌঁছে দিতে চান, তারা ব্যক্তিগত প্রোফাইলে প্রফেশনাল মোড চালু করার বিষয়টি বিবেচনা করতে পারেন। এই সুবিধার মাধ্যমে বন্ধু না হয়েও অন্য ব্যবহারকারীরা প্রোফাইলটি অনুসরণ করতে পারেন। এছাড়া ব্যক্তি, ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য ফেসবুক পেজও ব্যবহার করা যায়। মনে রাখতে হবে, ফলোয়ারের সংখ্যা বাড়ানো আর বন্ধু তালিকার সীমা বাড়ানো এক বিষয় নয়।

এএইচ