এলাকাবাসী জানায়, স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনুর নির্দেশ অমান্য করে দীর্ঘদিন যাবৎ কৃষি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি চক্র। গত কয়েকদিন যাবৎ ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাক্টর মসজিদ নামক স্থানে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির সমর্থকদের দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিলো।
আরও পড়ুন:
শনিবার দিবাগত রাতে ওই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। এসময় সংঘর্ষে গুরুতর আহত ৩ জনকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকী দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের জানে আলমের ছেলে আলা উদ্দিন সুজন ও একই গ্রামের নূর আলম।
স্থানীয় কামাল উদ্দিন বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু জমি মাটি কাটার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ও নিজে উপস্থিত থেকে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসছিলেন। কিন্তু বিএনপি, যুবদল ও ছাত্রদলের নামধারী কিছু ব্যক্তি প্রশাসনকে ম্যানেজ করে মাটি কেটে আসছিল। শনিবার রাতে সংঘর্ষে জড়িতদের প্রায় সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেয়া দরকার।’
ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ‘পূর্ব শিলুয়া গ্রামে মাটিকাটা নিয়ে গভীর রাতে দুটি পক্ষ সংঘর্ষে জড়ায়। ঘটনায় ১ যুবক নিহত ও ২ যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে।’





