কুষ্টিয়ায় কৃষক হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

সাজাপ্রাপ্ত আসামিরা
সাজাপ্রাপ্ত আসামিরা | ছবি: এখন টিভি
3

কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মণ্ডল হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। আজ (সোমবার, ৩০ মার্চ) বেলা সাড়ে ১২টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামের মহিন প্রামাণিকের ছেলে আসাদুল প্রামাণিক কালু, একই গ্রামের মসলেম মোল্লার ছেলে আবু তাহের, আবুল কাশেমের ছেলে হাবিল হোসেন ও ওমর আলীর ছেলে মিলন। রায় ঘোষণার সময় আবু তাহের ছাড়া বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, কৃষক সাহাবুল ইসলাম মণ্ডলের সহধর্মিণীর ছোট বোন প্রবাসে অবস্থান করায় দেশে থাকা তার মেয়েকে দেখভালের জন্য সন্তানদের নিয়ে মিরপুর উপজেলার মিটন গ্রামে পরিবার নিয়ে বাস করতো সাহাবুল ইসলাম। ২০১৯ সালের ২০ অক্টোবর বাড়ি থেকে বাজার করার জন্য স্থানীয় বাজারে গিয়ে নিখোঁজ হয় সাহাবুল। পরেরদিন সকালে উপজেলার নওদা আজমপুর মাঠপাড়ার ধৈঞ্চা ক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন নিহতের স্ত্রী সুমি খাতুন বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেন।

আরও পড়ুন:

জিজ্ঞাসাবাদে আসাদুল প্রামাণিক কালুর দেয়া তথ্য অনুযায়ী আবু তা‌হের, হাবিল হোসেন ও মিলনকে গ্রেপ্তার ক‌রে। গ্রাম্য দলাদলির জের ধ‌রে প্রতিপক্ষ‌কে ফাঁসা‌তে সাহাবুল‌কে শ্বাস‌রোধ ক‌রে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেন তারা। পরে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার সিরাজুল ইসলাম বলেন, ‘মামলাটির দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসাদুল প্রামাণিক, আবু তা‌হের, হা‌বিল‌ হো‌সেন ও মিলন‌কে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।’

ইএ