অনুষ্ঠানসূচি অনুযায়ী, আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) সকালে দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন শুরু হয়। এরপর সকাল ৯টায় একই স্থান থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ শিশু একাডেমি, দিনাজপুরে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। একইসঙ্গে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন:
এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগারে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে গোর-এ-শহীদ বড় ময়দান (বড়মাঠ) এলাকায়, যা সকাল থেকে রাত পর্যন্ত চলবে।
এদিকে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় নববর্ষ উদযাপন এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি জেলা কারাগার, হাসপাতাল, শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, বাংলা নববর্ষকে ঘিরে দিনাজপুরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করবে এবং সকল শ্রেণি-পেশার মানুষ এ উৎসবে অংশগ্রহণ করবেন।





