ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার তিন

গ্রেপ্তার তিন ব্যক্তি
গ্রেপ্তার তিন ব্যক্তি | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ (শুক্রবার, ২২ মে) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো।

এর আগে, বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটের দিকে শিবালয় উপজেলার উত্তর ভাকলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- শিবালয় উপজেলার উত্তর ভাকলা গ্রামের আনিস মোল্লার ছেলে মো. আসিফ মোল্লা (২০), জুনিকালসা গ্রামের পাষান আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৫) এবং উত্তর ভাকলা গ্রামের নুরু মিয়ার ছেলে মো. রমজান আলী (১৯)।

আরও পড়ুন:

ডিবি সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের এসআই আসাদ মিয়ার নেতৃত্বে একটি অভিযানিক দল উত্তর ভাকলা এলাকায় সানাউল্লাহর বাড়ির দক্ষিণ পাশে ইট সলিং রাস্তার ওপর অভিযান চালায়।

অভিযানে আসিফ মোল্লার থেকে ৫০ পিস এবং জাহাঙ্গীর আলমের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া রমজান আলী ইয়াবা কেনাবেচায় সহযোগিতা করায় তাকেও মামলার আসামি করা হয়েছে।

পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, ‘এ ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

এফএস