নিহতরা হলেন ঢাকার মিরপুর-১১ এলাকার বাসিন্দা মৃত সিরাজ উদ্দিনের ছেলে মান্না ইসলাম (৪৫) ও সাদ্দাম হোসেন (৩২)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন গত রোববার (৩১ মে) স্বপরিবারে ঢাকা থেকে তার শ্বশুরবাড়ি চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী গ্রামে বেড়াতে আসেন। বুধবার সকালে তারা খানসামা উপজেলার জোয়ার এলাকায় একটি লিচু বাগানে লিচু কিনতে যান। ফেরার পথে কালিরবাজার ঘাটে আত্রাই নদীতে গোসল করতে নামেন মান্না ইসলাম, সাদ্দাম হোসেন এবং মান্নার দুই ছেলে সজীব (১৬) ও নুর আলম (১২)।
গোসলের একপর্যায়ে দুই কিশোর নিরাপদে তীরে উঠতে পারলেও হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান মান্না ইসলাম ও সাদ্দাম হোসেন। তাদের চোখের সামনেই বাবা ও চাচা নদীর স্রোতে হারিয়ে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় দুপুর ২টা ১৫ মিনিটে মান্না ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল বিকেল ৩টা ৩৫ মিনিটে সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন:
স্থানীয়দের দাবি, নদীর ওই অংশে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে তলদেশে গভীর গর্ত সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, গোসলের সময় ওই গর্তে পড়ে দুই ভাই তলিয়ে যান।
খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদীর ওই স্থানে গভীর গর্ত তৈরি হয়েছে। সেখানে গোসল করতে নামলে দুর্ঘটনার ঝুঁকি থাকে।’
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আবুল কালাম আজাদ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ডুবুরি দলের সহায়তায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।’
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেত সরকার জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে কালিরবাজার ঘাটের পরিবেশ।



-320x167.webp)

