নোয়াখালীর মাদক সেবনে বাধা দেয়ায় যুবককে হত্যার অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

গ্রেপ্তারের প্রতীকী ছবি
গ্রেপ্তারের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আরাফাত হোসেন ফাহিম (১৭) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। ঘটনার পর অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হত্যাকাণ্ডের মূল আসামি হারুন মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল (বুধবার, ১০ জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের সোমবারিয়া বাজারের বেলাল মাস্টারের বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেবী সিংহপুর গ্রামের জয়নাল আবদীনের ছেলে হারুন মিয়া (২৬), আমিনুল্লাহর ছেলে মমিন (২২) এবং মমিন উল্লাহর ছেলে জাহাঙ্গীর (২৪) একত্রিত হয়ে বেলাল মাস্টারের বাড়ির সামনে গাঁজা সেবন করছিলেন। এসময় একই গ্রামের শাহজাহান সাজুর ছেলে আরাফাত হোসেন ফাহিম (১৭), দুলাল মিয়ার ছেলে রিফাত (২৩) এবং শাহাবুদ্দিনের ছেলে শাকিব (২১) তাদের গাঁজা সেবনে বাধা দেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষ বাঁধে। এসময় সেখানে উভয় পক্ষের চারজন আহত হন।

আরও পড়ুন:

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরাফাতের মৃত্যু হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, ঘটনার পরপরই সেনবাগ থানা পুলিশ দ্রুত অভিযানে নেমে গাঁজা সেবনকারী ও এই হত্যাকাণ্ডের মূল আসামি হারুন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এসএইচ