স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচারীরা মহাসড়কের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কামারখন্দ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া মরদেহের পাশেই বিয়ের সময় ব্যবহৃত একটি লাল রঙের শাড়ি পড়ে ছিলো। তবে মরদেহটি মারাত্মকভাবে বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ‘নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’





