আজ (মঙ্গলবার, ৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কাহারোল উপজেলার মালগ্রাম গ্রামের ফাহিমা আক্তার (২৮) এবং তার তিন বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ। আহত হয়েছেন ফাহিমার স্বামী মো. নাজমুল ইসলাম।
পুলিশ জানায়, নাজমুল ইসলাম তার স্ত্রী ও সন্তানকে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁওয়ের উত্তর গড়েয়া এলাকায় এক হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছিলেন। পথে পাঁচপীর মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা মাছবোঝাই একটি পিকআপ মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
আরও পড়ুন:
ধাক্কার ফলে নাজমুল ইসলাম সড়কে ছিটকে পড়ে আহত হন। এসময় ফাহিমা আক্তার ও তার ছেলে সড়কে পড়ে গেলে পিকআপটি তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত নাজমুল ইসলামকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য থানায় নেয়া হয়।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





