নেত্রকোণায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

দুর্ঘটনাগ্রস্ত ট্রাক দু’টির মধ্যে একটি
দুর্ঘটনাগ্রস্ত ট্রাক দু’টির মধ্যে একটি | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালক ও হেলপার। আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) সকালে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর এলাকার পালেরঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত নিহত চালকের পরিচয় জানা যায়নি।

শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী একটি ট্রাক এবং নেত্রকোণাগামী একটি ট্রাকের মধ্যে মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক ট্রাকের চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়রা ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠায়। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকে আটকে থাকা চালককে উদ্ধার করে।

আরও পড়ুন:

পুলিশ জানায়, নিহত চালকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার নাম-পরিচয় সংগ্রহের কাজ চলছে। নিহত চালকের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত দু’টি ট্রাক শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

এসএইচ