জামায়াত এমপির অপকর্ম ঢাকতেই তেল সংকটের গুজব: প্রতিমন্ত্রী আজাদ

ফরহাদ হোসেন আজাদ
ফরহাদ হোসেন আজাদ | ছবি: এখন টিভি
0

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অপকর্ম ঢাকতেই কৃত্রিম তেলের সংকটের গুজব ছড়িয়ে ষড়যন্ত্র করা হয়েছিল বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

গতকাল (​শুক্রবার, ২৪ জুলাই) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​প্রতিমন্ত্রী বলেন, ‘যখন সাতক্ষীরার জামায়াতে ইসলামীর এমপি নজরুল ইসলামের অপকর্ম মিডিয়ায় প্রকাশ পেল এবং সারা দেশের মানুষ তার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছিল, ঠিক তখনই সেই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে রাতের আঁধারে পাম্পে তেলের সংকটের গুজব ছড়ানো হয়। অথচ আমাদের দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘৭১ এবং ২৪-এর জুলাইয়ের চেতনাকে ধারণ করেই এই সরকার গঠিত হয়েছে। কাজেই সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। যারাই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করবে, জনগণের সামনে তাদের আসল চরিত্র প্রকাশ পেয়ে যাবে।’

​দলীয় নেতাকর্মীদের সতর্ক করে ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘সরকার গঠন করা হয়েছে বলে কাউকে অনিয়ম বা দুর্নীতি করার সুযোগ দেয়া হবে না। সরকারি যেকোনো অনুদান বা সুবিধা দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রকৃত প্রাপ্য ব্যক্তির কাছে পৌঁছে দিতে হবে। সরকারি সুবিধা নিয়ে কোনো ধরনের নয়ছয় সহ্য করা হবে না।’

​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএস