কুষ্টিয়ায় পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ

পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ
পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড় ধসে নদীতে পড়ে নুরিয়া খাতুন (৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছেন। এসময় নদীতে পড়ে যাওয়া আরেক শিশু জামিলা খাতুনকে উদ্ধার করা হয়েছে।

আজ (বুধবার, ৫ আগস্ট) দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নুরিয়া খাতুন একই এলাকার আশিক শেখের মেয়ে এবং উদ্ধার হওয়া শিশু জামিলা খাতুন একই এলাকার ইজাজুল মণ্ডলের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, আজ দুপুরে উপজেলার ভূরকাপাড়া এলাকায় পদ্মা নদীর ভেঙে যাওয়া অংশে জিও ব্যাগ ফেলার কাজ চলছিল। এসময় নূরিয়া ও জামিলা জিও ব্যাগের ওপর বসে খেলছিল। হঠাৎ নদীর পাড় ধসে জিও ব্যাগসহ দুই শিশু পদ্মার পানিতে পড়ে যায়।

আরও পড়ুন:

এসময় পাশেই কাজ করতে থাকা শ্রমিকরা বিষয়টি দেখে নদীতে নেমে জামিলাকে উদ্ধার করতে সক্ষম হলেও প্রবল স্রোতের কারণে নুরিয়া তলিয়ে যায়। পরে এলাকাবাসী খবর পেয়ে দ্রুত নদীর আশপাশে খোঁজাখুঁজি শুরু করলেও এখনও নুরিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে এ ঘটনার পর থেকে নদী পাড়ে উৎসুক জনতা ভিড় করছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘পদ্মার পাড় ধসে দুই শিশু নদীতে পড়ে যায়। এরমধ্যে একজনকে উদ্ধার করা গেলেও নুরিয়া খাতুন নামে এক শিশু এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ সদস্যরা অভিযান চালাচ্ছে।’

এসএস