গতকাল (বৃহস্পতিবার, ৬ আগস্ট) রাত ১০টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার কাটাখালী তক্তারপুল এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে মামলার প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহির উদ্দিন।
নিহত রাসেল রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শেখ মোহাম্মদ নাছের মেম্বারের ছেলে। এক ভাই ও এক বোনের মধ্যে রাসেলের এই মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন:
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি কাপ্তাই উপজেলার রাইখালী ফিরছিলেন রাসেল। পথিমধ্যে কাটাখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী লাল-সবুজ পরিবহনের একটি বাস প্রথমে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। ঠিক তার পেছনেই থাকা রাসেলের মোটরসাইকেলটিকে বাসটি সজোড়ে পিষে দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং তার ডান পা উরু থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়ার ইছাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
ঘটনার বিবরণ দিয়ে নিহতের চাচা আব্দুল বারেক জানান, শহর থেকে বাড়ি ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন রাসেল।
বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহির উদ্দিন বলেন, ‘ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যান দুইটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার অভিযান চালান। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’



