আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে নাটোর হয়ে চলাচলকারী রাজশাহী থেকে বিভিন্ন আন্তঃজেলা রুটের বাস চলাচল বন্ধ ছিলো। এতে রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ডে এসে বিপাকে পড়েন শত শত যাত্রী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাজশাহী থেকে দর্শনার উদ্দেশে ছেড়ে যাওয়া রাব্বি পরিবহনের একটি বাস নাটোরে আটকে দেন স্থানীয় বাস মালিক-শ্রমিকরা। পরে বাসটির যাত্রীদের নামিয়ে তুহিন পরিবহনের একটি বাসে তুলে দর্শনার উদ্দেশে পাঠানো হয়।
পরবর্তীতে ওই বাস ছেড়ে দেয়া হলেও রাজশাহী থেকে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়া হয়। অভিযোগ রয়েছে, রাজশাহী থেকে বাস ছেড়ে গেলেও নাটোরে সেগুলো আটকে দেয়া হচ্ছিলো। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
বাস চলাচল বন্ধ থাকায় রাজশাহী বাস টার্মিনালে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দীর্ঘ সময় কাউন্টারে অপেক্ষা করেও অনেকে বাসের দেখা পাননি। কিছু বাস ছেড়ে গেলেও পথে আটকে পড়া কিংবা ফিরে আসার ঘটনাও ঘটে।
এতে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। তারা জানান, জরুরি কাজে বিভিন্ন গন্তব্যে যেতে না পেরে চরম দুর্ভোগে পড়েন তারা।
পরে রাজশাহী ও নাটোরের বাস মালিক-শ্রমিকদের মধ্যে সমঝোতা হলে সাড়ে তিন ঘণ্টা পর রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল শুরু হয়। ফলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে আন্তঃজেলা বাস চলাচল।
এ বিষয়ে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, কোনো শ্রমিক যাতে যেখানে-সেখানে ভিআইপি গাড়ি থামাতে না পারে, সে বিষয়ে নীতিমালা করা হবে। নীতিমালা ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





