টঙ্গীতে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর খালে গোসল করতে নেমে ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল (রোববার, ১১ অক্টোবর) দুপুরে বাকরাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানি গ্রামের মো. রাব্বি শেখ ও রাবেয়া দম্পতির সন্তান সুমাইয়া (৮) ও তার ছোট ভাই আব্দুল্লাহ (৬)। তারা টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের বাকরাল গ্রামের মাসুমের বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে সুমাইয়া ও আব্দুল্লাহ স্থানীয় আরেক শিশুর সঙ্গে বাকরাল গ্রামসংলগ্ন তুরাগ নদীর খালের জলাশয়ে গোসল করতে নামে। এ সময় পানির স্রোতে তিন শিশুই ভেসে যায়। তাদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সুমাইয়া ও আব্দুল্লাহ পানিতে ডুবে যায়।

পরে তীরে উঠে আসা শিশুটি স্থানীয় লোকজন ও নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। একপর্যায়ে বিকেলে দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য রাত ৮টায় মরদেহ দুটি টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ‘পরিবারের কোনো আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে রাত সাড়ে নয়টায় ময়নাতদন্ত ছাড়াই নিহত দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

জেআর