পঞ্চগড়ে হেমন্তের নীল আকাশে কাঞ্চনজঙ্ঘার হাতছানি

কাঞ্চনজঙ্ঘা
কাঞ্চনজঙ্ঘা | ছবি: এখন টিভি
0

উত্তরের জেলা পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে হিমালয়ের দ্বিতীয় পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে গত কয়েক দিন ধরে পর্বত চূড়ার মোহনীয় সৌন্দর্য উপভোগ করছেন প্রকৃতিপ্রেমীরা। শুরু হয়েছে পর্যটকদের আনাগোনাও। এরইমধ্যে জমে উঠতে শুরু করেছে প্রান্তিক এ জেলার পর্যটন কেন্দ্রিক অর্থনীতি।

হেমন্তের আকাশে ধরা দিয়েছে মায়াবী কাঞ্চনজঙ্ঘা। দেশের মাটি থেকে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম এই পর্বত চূড়ার মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে তাই মধ্যরাত থেকে প্রকৃতিপ্রেমিদের অপেক্ষা তেঁতুলিয়ার মহানন্দার পাড়ে। ভোরের প্রথম আলো পাহাড়ের চূড়ায় পড়তেই খুশিতে চোখ ভরে ওঠে তাদের। এরপর রঙ বদলের দৃশ্য উপভোগ করবার পালা।

দর্শনার্থীদের একজন বলেন, ‘আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম যে দেখতে পাবো কি না। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি খুবই এক্সাইটেড আমরা। আমাদের আশাটা সফল হয়েছে।’

মৌসুমে এই প্রথমবার পঞ্চগড় থেকে ভালোভাবে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা। সূর্যের আলোর সাথে সাথে কখনো লাল, কখনো পোড়ামাটির রঙ আবার কখনো শ্বেত শুভ্র রঙ নিয়ে হাজির হয় এই পর্বত চূড়া। কাঞ্চনজঙ্ঘা উপভোগের মোক্ষম সময় ভোর হলেও কখনো দিনভর দেখা মেলে। যাদের পাসপোর্ট ভিসা করে বিদেশে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ নেই তারা ছুটে আসছেন পঞ্চগড়ে।

আরও পড়ুন:

দর্শনার্থীদের অন্য আরেকজন বলেন, ‘ভোরবেলা যখন সূর্য ওঠে, যখন পূর্ব দিক থেকে সূর্যের আলো লাগে, সেই সময় এটা অনেক স্পষ্ট দেখা যায় আর এটা বিভিন্ন রঙ ধারণ করে।’

কেউ মুঠোফোনে আবার কেউ দামী ক্যামেরায় বন্দি করছেন কাঞ্চনজঙ্ঘাকে। দীর্ঘ প্রতীক্ষার পর দেখা মেলায় খুশি সখের ফটোগ্রাফাররাও।

পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে মাউন্ট এভারেস্ট ও কে-টু’র পরেই কাঞ্চনজঙ্ঘার অবস্থান। ঘরোয়া পরিবেশে নিজের মতো করে দেখার সুযোগ কেবল পঞ্চগড় থেকেই মিলছে। হোটেলগুলোতে বেড়েছে পর্যটকের চাপ। জমে উঠেছে পর্যটন কেন্দ্রিক অর্থনীতি।

এদিকে পঞ্চগড়ে শীত ও কাঞ্চনজঙ্ঘাকে কেন্দ্র করে গড়ে ওঠা পর্যটন শিল্পকে এগিয়ে নিতে উদ্যোগ নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের।

পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন, ‘আমরা চাই পঞ্চগড়ে যেসব পর্যটক আসবেন, তারা এখানে এসে সুন্দর, নিরাপদ এবং নির্বিঘ্নে তাদের পঞ্চগড়ের সৌন্দর্য উপভোগ করবেন।’

হেমন্তের আকাশে ধরা দিয়েছে যে কাঞ্চনজঙ্ঘা তার সৌন্দর্য ছড়িয়ে পড়েছে মহানন্দার জল ও জনপদে। এবার দাবি উঠেছে পঞ্চগড়কে পর্যটন এলাকা ঘোষণার।

এফএস