অবৈধ স্ট্যান্ড আর অনিয়ন্ত্রিত পার্কিংয়ে স্থবির ফেনী শহর

ফেনী শহর
ফেনী শহর | ছবি: এখন টিভি
0

সময়ের সঙ্গে বেড়েছে ফেনীর জনসংখ্যা, ব্যবসা-বাণিজ্য ও যানবাহন; কিন্তু বাড়েনি সড়কের সক্ষমতা ও পার্কিং সুবিধা। ফলে অনিয়ন্ত্রিত পার্কিং, অবৈধ সিএনজি স্ট্যান্ড, ব্যাটারিচালিত অটো রিকশার চাপে প্রতিদিনই তীব্র হচ্ছে যানজট। এতে ভোগান্তির পাশাপাশি নষ্ট হচ্ছে মানুষের মূল্যবান কর্মঘণ্টা। যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগের কথা থাকলেও মাঠের চিত্র ভিন্ন।

রাজাঝির দিঘীর পাড়ের ছোট্ট শহর ফেনী। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মানুষের সংখ্যা, বেড়েছে ব্যবসা-বাণিজ্য আর যানবাহন। তবে সেই তুলনায় বাড়েনি সড়কের সক্ষমতা কিংবা পার্কিং সুবিধা। ফলে দিন দিন যানজটের শহরে পরিণত হচ্ছে ফেনী।

শহরের অন্যতম ব্যস্ত শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের দুই পাশে রয়েছে বিপণিবিতান, বিভিন্ন শোরুম, হাসপাতাল, আবাসিক হোটেল, ব্যাংক-বীমা, সুপার শপ। কিন্তু এসব প্রতিষ্ঠানের নেই পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা। ফলে ক্রেতা, রোগীর গাড়ি জায়গা নেয় মূল সড়কে। এসব গাড়ির কারণে সংকুচিত হয়ে পড়ে চলাচলের পথ। এছাড়া দিনের বেলা শহরে ঢোকে দূরপাল্লার বাস ও মালবাহী গাড়ি। একই চিত্র ট্রাংক রোড, মিজান রোড, জেল রোড, কলেজ রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে।

স্থানীয়রা জানান, বিভিন্ন পেশার মানুষদের নয়টা অথবা দশটার দিকে অফিসে যেতে হয়, কিন্তু তারা এই তীব্র যানজটের কারণে সঠিক সময়ে পৌঁছাতে পারে না।

যানজটের আরেক কারণ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড। শহরের বিভিন্ন সড়কে ১০টির বেশি স্পটে অবৈধ স্ট্যান্ড রয়েছে। এসব গাড়ি দাঁড়ানোর কারণে যানজট লেগেই থাকে। এর ওপর রয়েছে লাইসেন্সবিহীন অবৈধ সিএনজি অটো রিকশা।

আরও পড়ুন:

আরেক কারণ ব্যাটারিচালিত অটোরিকশার দাপট। হঠাৎ থেমে যাওয়া, সিগনাল ছাড়াই বাঁক নেয়া- আবার রাস্তার পাশে দাঁড়িয়ে তৈরি করছে জট। এতে ভোগান্তির সঙ্গে নষ্ট হচ্ছে মানুষের মূল্যবান কর্মঘণ্টা।

তবে যানজট নিরসনে উদ্যোগের কথা বলছে ট্রাফিক বিভাগ। অনুমোদনহীন সিএনজি ও ব্যাটারিচালিত রিকশা চলাচলের সুযোগ দেয়া হবে না- বলছেন তারা। একই সঙ্গে বহুতল ভবনের অনুমোদনের ক্ষেত্রে পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা ও বড় প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব পার্কিংয়ের আওতায় আনার কথা জানিয়েছে পৌর প্রশাসন।

ফেনী ট্রাফিক বিভাগের টিআই সাহাদাত হোসেন বলেন, ‘আমরা এটা নিয়ে আসলে খুবই বিব্রত এবং এই পার্কিং ব্যবস্থাপনা সঠিকভাবে না হলে আপনার সাধারণ গাড়ি রাখবে কোথায়?’

ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন বলেন, ‘শহরের কোথাও গুরুত্বপূর্ণ স্থানে যদি পার্কিং ব্যতীত কোনো ব্যবসা-বাণিজ্য চলে, আমরা তাদেরকে ট্রেড লাইসেন্স দিচ্ছি না এবং ট্রেড লাইসেন্স যারা করে নিছে, পার্কিং ব্যতীত ওগুলো আমরা বাতিল করছি।’

ট্রাফিক বিভাগ বলছে, শহরে ৯ হাজারের বেশি টমটম-অটোরিকশা চলাচল করে। সিএনজি অটোরিকশা ৫ হাজার অনুমোদন থাকলেও চলাচল করছে ২৫ হাজারের বেশি।

একসময়ের শান্ত সুন্দর ফেনী এখন যানজটের শহর। যত্রতত্র পার্কিং, অবৈধ সিএনজি স্ট্যান্ড আর অটোরিকশার দৌরাত্ম্য—এই মিলিয়ে তৈরি হয়েছে চরম সংকট। সমাধানে পৌরপ্রশাসনসহ সব কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ দাবি করছেন স্থানীয়রা।

এফএস